বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে এবার ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। পাসের হার এবং জিপিএ ৫—দুটিতেই ছেলেদের তুলনায় তারা এগিয়ে গেছে।
ফলাফলে দেখা গেছে, এ বছর বরিশাল শিক্ষা বোর্ড থেকে ৮৫ হাজার ৬৭৫ জন জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮২ হাজার ৭৬২ জন। এর মধ্যে মেয়েরা পাস করেছে ৪২ হাজার ৭১০ জন। পাসের হার ৯৬ দশমিক ৮৩। আর উত্তীর্ণ হওয়া ছেলেদের সংখ্যা ৪০ হাজার ৫২। পাসের হার ৯৬ দশমিক ৩৫। মেয়েরা দুই হাজার ৬৫৮ জন বেশি পাস করেছে। মেয়েরা ছেলেদের চেয়ে এক হাজার ৯৪৯টি জিপিএ ৫ বেশি পেয়েছে।
বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন বলেন, আগে নারীদের শিক্ষার প্রতি আগ্রহ ছিল না। অভিভাকদের ধারণা ছিল, মেয়েদের বেশি পড়িয়ে লাভ কী। এখন সে ধারণা পাল্টে গেছে। এখন অভিভাবকেরা যেমন সচেতন হয়েছেন, তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ভালো হওয়ায় মেয়েরা ফলাফলে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী রাবেয়া খাতুন বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে নারীরা অনেক বেশি সচেতন। মা-বাবার আন্তরিকতার কারণেই মেয়েরা এগিয়ে এসেছে। নারী-পুরুষের সমান অংশীদারি যে বাংলাদেশ আমরা দেখতে চাই, তার প্রতিফলন ঘটেছে সমাপনী, জেএসসিসহ বিভিন্ন পরীক্ষায়।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর বলেন, পরীক্ষার সময় দেশের অস্বাভাবিক পরিস্থিতি শিক্ষার্থীদের বেশি মনোযোগী করেছে। তা ছাড়া গত বছরের এক বিষয়ে অকৃতকার্য হওয়া সাড়ে চার হাজার পরীক্ষার্থীর সবাই পাস করেছে। সব মিলে সার্বিকভাবেই ফলাফল ভালো হয়েছে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার বলেন, ‘আমরা বরিশাল বোর্ডের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অভিভাবক-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করার ফলে নারীরা শিক্ষার প্রতি বেশি আগ্রহী হয়েছে। যার প্রমাণ জেএসসি পরীক্ষার ফলাফল।’