বরিশালে জেল খাল রক্ষায় অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেল খাল উদ্ধারে গতকাল উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ l প্রথম আলো
জেল খাল উদ্ধারে গতকাল উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ l প্রথম আলো

বরিশালের ঐতিহ্যবাহী জেল খাল রক্ষায় অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন। গতকাল সোমবার খালের নকশা দেখে সীমানা নির্ধারণ, লাল পতাকা স্থাপন ও উচ্ছেদের মাধ্যমে এই অভিযান শুরু করা হয়েছে।

নগরের পোর্ট রোড এলাকার ফরিয়াপট্টি এলাকায় জেল খালের দুই পাড়ে সীমানা নির্ধারণ করে লাল পতাকা স্থাপন করেন জেলা প্রশাসক গাজি মো. সাইফুজ্জামান। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমার উপস্থিত ছিলেন। একই সঙ্গে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াছুর রহমান ও কল্যাণ চৌধুরী।

সকাল সাড়ে নয়টার দিকে জেল খালের ফরিয়াপট্টি এলাকায় লাল পতাকা স্থাপনের কাজ শুরু হয়। এরপর লাল পতাকা স্থাপন করা সীমার মধ্যে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় ফরিয়াপট্টি এলাকার রণি এন্টারপ্রাইজের মালিক মো. আমিরুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা জরিমানা আদায় করে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

জেলা প্রশাসক গাজি মো. সাইফুজ্জামান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে খাল পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়ার পর এ ব্যাপারে সিটি করপোরেশনের সহযোগিতা চাওয়া হয়। প্রথমে ম্যাপ দেখে খালের খাস অংশ চিহ্নিত করে সার্ভেয়ারসহ চিহ্নিত স্থানে লাল পতাকা স্থাপন করা হয়। এখন প্রথম ধাপে জেল খাল পুনরুদ্ধারে কাজ চলছে। পর্যায়ক্রমে নগরের সব খাল পুনরুদ্ধারে অভিযান চালানো হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াছুর রহমান জানান, গতকাল জেল খাল পুনরুদ্ধারে বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বাকি স্থাপনা ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করবেন, এমন অঙ্গীকার করায় অভিযান স্থগিত করা হয়েছে।