বরিশালে জেল খাল রক্ষায় ছবি আঁকল শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের জেল খাল রক্ষায় ‘কালের সাক্ষী আমরাও’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরের নাজিরের পুল এলাকায় জেল খালের পাড়ে এই প্রতিযোগিতার আয়োজন করে সম্মিলিত নদী-খাল রক্ষা কমিটি।

প্রতিযোগিতায় প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে জেল খাল রক্ষায় আলোচনা সভা হয়। সেখানে বক্তারা বলেন, একসময় বরিশাল নগরের মধ্য দিয়ে ২২টি খাল প্রবহমান ছিল। অপরিকল্পিত উন্নয়ন ও দখলবাজির কারণে অধিকাংশ খাল ভরাট ও দখল হয়ে গেছে। কালের সাক্ষী হয়ে জরাজীর্ণ অবস্থায় টিকে আছে মাত্র চারটি খাল। এর মধ্যে জেল খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগর পরিচ্ছন্নতায় এই খাল ভূমিকা রেখে চলেছে। তাই জেল খাল সংস্কার ও সংরক্ষণ করা জরুরি।

বক্তারা বলেন, জেলা প্রশাসন খালের দুই পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ করছে। তবে দখলদূষণে খালের প্রবাহ নেই বললেই চলে। এখন দরকার খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণ করে খাল খনন করা। একই সঙ্গে দুই পাড়ে হাঁটার পথ তৈরি করা, যাতে ভবিষ্যতে খাল আর দখল হতে না পারে।

আলোচনায় মুক্তিযোদ্ধা নুরুল আলম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ কে আজাদ, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশালের সমন্বয়ক লিংকন বায়েন, শিশু সংগঠক শুভংকর চক্রবর্তী, ডেইলি স্টার প্রতিনিধি সুশান্ত ঘোষ, উন্নয়ন সংগঠক রফিকুল আলম, ওবায়দুল হক প্রমুখ অংশ নেন। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

গত মে মাসে জেল খালের ছয় কিলোমিটার এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন। এক মাসেরও বেশি সময় ধরে চলা এ অভিযানে নগরবাসী জেলা প্রশাসনের পাশে থেকে সহযোগিতা দিচ্ছে। এর অংশ হিসেবে পথসভা ও প্রচারপত্র বিলি করেছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।