বরিশালে জেলখাল রক্ষায় শিক্ষার্থীদের প্রচারণা
‘জেলখাল আমার খাল, এই খালে আবর্জনা ফেলব না ও দূষণ করব না’—স্লোগান নিয়ে বরিশাল নগরের জেলখাল পরিচ্ছন্ন রাখার পক্ষে প্রচারণা চালিয়েছেন কলেজ-বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত নথুল্লাবাদ এলাকা থেকে শুরু করে নাজিরের পুল পর্যন্ত জেলা খালের চার কিলোমিটার এলাকাজুড়ে এ প্রচারণা চালানো হয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে জেলখালের দুই পাড়ের বাসিন্দাসহ অনেক সাধারণ মানুষও অংশ নেন। তাঁরা প্রচারপত্র বিলি ও মাইকিংয়ের পাশাপাশি সচেতনতামূলক ব্যানারও স্থাপন করেন।
সেভ দ্য জেলখাল কর্মসূচির আওতায় ‘ক্যানেল সেভার’ টিম-এর উদ্যোগে এই প্রচারণা চালানো হয়।
বেলা ১১টায় নথুল্লাবাদ পুলের ওপর বাঁশি বাজিয়ে প্রচারণার সূচনা করা হয়। শুরুতেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র বিলি চলে। মাইকিং করে জেলখাল রক্ষায় সেখানে ময়লা-আবর্জনা না ফেলতে নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়।
প্রচারণার সূচনা করতে গিয়ে নদী খাল বাঁচাও আন্দোলন, বরিশালের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, ‘আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল নগরের মধ্য দিয়ে প্রবাহিত জেলখালের পানি ব্যবহার ও চলাচলের উপযোগী রাখার। কিন্তু এটি সংস্কার ও সংরক্ষণে উদ্যোগ না নেওয়ায় দখল-দূষণে মৃতপ্রায় অবস্থা দাঁড়িয়েছে।’
এনায়েত হোসেন বলেন, ‘বরিশাল জেলা প্রশাসন জেলখাল দখলমুক্ত করার যে উদ্যোগ নিয়েছে, তার সঙ্গে আমরাও একাত্ম হয়ে কাজ করতে চাই। এর অংশ হিসেবেই জেলখালের দুই পাড়ের বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া শিক্ষার্থীরা জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে।’
সেখানে আরও বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত আরা বাঁধন। তিনি বলেন, ‘কেবল জেলখাল নয়, নগরের সব খালই রক্ষা করতে হবে। এটা না পারলে বরিশাল আবর্জনার নগরে পরিণত হবে। আমরা তরুণেরা স্বেচ্ছায় নাগরিকদের সচেতন করতে নেমেছি। আমাদের প্রত্যাশা, একদিন জেলখালসহ নগরের সব খালে পানির প্রবাহ ফিরে আসবে।’
বেলা দুইটা পর্যন্ত এই প্রচারাভিযানে নথুল্লাবাদ পুল ছাড়াও মরকখোলার পুল, জেলেবাড়ি পুল, কাঠের পুল ও নাজিরের পুল এলাকায় প্রচারপত্র বিলি এবং গুরুত্বপূর্ণ এই পাঁচ এলাকায় সচেতনতামূলক ব্যানার স্থাপন করা হয়।
আগামী ৩ সেপ্টেম্বর নগরবাসীকে সঙ্গে নিয়ে জেলখাল পরিচ্ছন্নতায় নামবে জেলা প্রশাসন। ওই উদ্যোগে নগরবাসীকে সম্পৃক্ত হওয়ার জন্য ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আহ্বান জানানো হচ্ছে।