বরিশালে ঝড়ে লঞ্চ চরে, চাকরিপ্রার্থীরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে গত বৃহস্পতিবার রাত ১০টায় আকস্মিক ঝড়ে দেড় হাজার যাত্রী নিয়ে ঢাকাগামী একটি লঞ্চ চরে আটকা পড়ে। এরপর উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে রাতভর চেষ্টা করেও লঞ্চটি নামানো সম্ভব হয়নি। সকালে অন্য লঞ্চের সাহায্যে যাত্রীদের বরিশাল ঘাটে ফিরিয়ে আনা হয়।

এতে ক্ষতিগ্রস্ত হয় লঞ্চে থাকা কয়েক শ চাকরিপ্রার্থী। গতকাল শুক্রবার বিকেল চারটায় ঢাকায় অগ্রণী ব্যাংকে জ্যেষ্ঠ কর্মকর্তা পদে লিখিত পরীক্ষা হলেও তাঁরা অংশ নিতে পারেননি।

লঞ্চের একাধিক যাত্রী জানান, বৃহস্পতিবার রাত নয়টায় বরিশাল নৌবন্দর থেকে দেড় হাজার যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় বিলাসবহুল লঞ্চ সুরভী-৭। রাত ১০টায় হঠাৎ ঝোড়ো হাওয়ায় লঞ্চটি চরমোনাই এলাকার একটি চরে উঠে পড়ে।

লঞ্চে ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার। তিনি জানান, সুরভী লঞ্চটি রাত ১০টায় ঝোড়ো বাতাসে বরিশাল-ঢাকা নৌপথের কোনো এক চরে উঠে যায়। একপর্যায়ে লঞ্চের জেনারেটর বন্ধ হয়ে গেলে পুরো লঞ্চ অন্ধকার হয়ে পড়ে। যাত্রীরা পড়ে চরম দুর্ভোগে। হামজা ভোররাত পর্যন্ত চেষ্টা করেও লঞ্চটি চর থেকে নামাতে পারেনি। সকালে অন্য লঞ্চের সাহায্যে যাত্রীদের বরিশাল ঘাটে পৌঁছে দেওয়া হয়। লঞ্চ না চলায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েন অগ্রণী ব্যাংকে চাকরিপ্রার্থীরা।

এমনই একজন আরিফুর রহমান। তিনি জানান, সকালে বরিশালের লঞ্চ ঘাটে পৌঁছানোর পর টার্মিনালে গিয়ে বাসের সংকটে পড়তে হয়। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় অনেক চালক বাস ছাড়েননি। অনেক চাকরিপ্রার্থী ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা করলেও ফেরিঘাটে গিয়ে বিশাল যানজটে পড়তে হয়। ফলে তাঁর মতো ওই লঞ্চের যাত্রীরা বিকেলের পরীক্ষায় অংশ নিতে পারেননি।

সুরভী লঞ্চের মালিকদের একজন রিয়াজুল কবীর বলেন, ‘উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে লঞ্চটিকে টেনে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। শেষ পর্যন্ত ব্যাংকের পরীক্ষার্থীদের ভোরে বরিশাল ঘাটে পৌঁছে দিই যাতে তাঁরা গাড়িতে করে ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে পারেন।’