বরিশালে ঝুঁকিপূর্ণ পেশায় ১০ সহস্রাধিক শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ১০ হাজার শিশু ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত। এসব শিশুর ন্যূনতম স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশন-ব্যবস্থা নেই। ন্যায্য মজুরি থেকেও তারা বঞ্চিত। এমন বাস্তবতায় গতকাল সোমবার পালিত হলো বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ।খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল নগরে তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত শিশুদের মধ্যে দেড় হাজার বিড়ি কারখানায়, ভাঙারি কাজে ৪০০, এমইপি কারখানায় ৩০০, ওয়ার্কশপে ২০০, ওয়েল্ডিং কারখানায় ৪০০ এবং টেক্সটাইল ও বিস্কুট কারখানায় ২০০ জন নিয়োজিত।তবে বরিশাল শিশু অধিকার রক্ষা কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দে জানান, ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত শিশুর সংখ্যা বরিশালে ১০ হাজারের ওপরে। দেশের অধিকাংশ শিশুর পরিবার দারিদ্র্যসীমার নিচে বাস করে, তাই শিশুশ্রম বন্ধ করা কঠিন। তবে যতটা সম্ভব ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত না করে শিশুদের সুযোগ-সুবিধা দেওয়া উচিত।ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসহায়তা দেওয়া উন্নয়ন সংগঠন আভাসের তদারকি ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা ফাতেমা মমতাজ প্রথম আলোকে জানান, নগরের বিড়ি কারখানা, ভাঙারি ও অন্যান্য কাজে কর্মরত শিশুদের অবস্থা খুবই খারাপ। এখানে স্যানিটেশন-ব্যবস্থা নেই বললেই চলে। দু-একটি স্থানে ল্যাট্রিন থাকলেও পানির ব্যবস্থা নেই। এর বাইরে শিশুদের বিকাশ, বিনোদন ও চিকিৎসার কোনো সুযোগ নেই।ইউনিসেফ বরিশাল বিভাগীয় কর্মকর্তা এ এইচ তৌফিক আহম্মেদ জানান, অর্থনৈতিক কারণে যাদের স্কুলে নেওয়া সম্ভব হচ্ছে না, তাদের জন্য আগে খাদ্য, শিক্ষা, বিনোদনসহ সুরক্ষার সব দায়িত্ব ওই প্রতিষ্ঠানগুলোকে নিতে হবে।বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ এম আর তালুকদার মুজিব প্রথম আলোকে জানান, বিড়ি কারখানায় নিয়োজিত শিশুরা ভয়ানক শ্বাসকষ্ট, হাঁপানি, নিউমোনিয়া ও যক্ষ্মা রোগে আক্রান্ত হয়। দীর্ঘদিন এ রোগগুলোয় আক্রান্ত শিশুরা ক্যানসারেও আক্রান্ত হতে পারে। এ জন্য এ পেশা থেকে তাদের দূরে রাখতে পারলে ভালো।নগরের সাধুর বটতলা কারিকর বিড়ি কারখানার সহকারী ব্যবস্থাপক খলিলুর রহমান জানান, এখানে নম্বরধারী শ্রমিকের সংখ্যা সাড়ে পাঁচ হাজার। শিশুরা কারখানার তালিকাভুক্ত শ্রমিক নয়। নম্বরধারী শ্রমিকেরা তাদের নিয়ে আসেন। এখানে স্যানিটেশন-ব্যবস্থা থাকলেও চিকিৎসা ও বিনোদনের কোনো ব্যবস্থা নেই।শিশু অধিকার সনদ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী সবাই শিশু। বাংলাদেশে মোট শিশুর সংখ্যা ছয় কোটি ১৭ লাখ ৫০ হাজার, যা মোট জনসংখ্যার ৪৯ দশমিক ৬ শতাংশ। চরম দরিদ্রতার কারণে শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা থেকে তারা বঞ্চিত। ফলে তারা কঠিন ঝুঁকিপূর্ণ শ্রমের মাধ্যমে আয়-রোজগারের দিকে ঝুঁকছে। আর এসব শ্রমের মধ্যে হাজার হাজার শিশু বিড়ি কারখানার শ্রমিক হিসেবে বিপজ্জনক পরিবেশে বেড়ে উঠছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আইন অনুযায়ী, ১৪ বছর বয়সের নিচে কোনো শিশুকে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োগ করা যাবে না।