বরিশালে টিসিবির পণ্য কালোবাজারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) অধিকাংশ ডিলার খোলাবাজারের পণ্য কালোবাজারে বিক্রি করে দিচ্ছেন। এ কারণে টিসিবির লক্ষ্য সফল হচ্ছে না। আর ডিলারেরা বলছেন, টিসিবির পণ্যে কমিশন কম এবং ঘাটতি পড়ায় ক্ষতি পুষিয়ে নিতে অনেকে কালোবাজারে পণ্য বিক্রি করে দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রমজান মাস উপলক্ষে টিসিবি দ্বিতীয় কিস্তির পণ্য সরবরাহ শুরু করেছে ২১ আগস্ট থেকে। ইতিমধ্যে ৮২ জন ডিলার পণ্য তুলেছেন। এর মধ্যে নগরের ২৪ জন। কিন্তু গত বৃহস্পতি ও শুক্রবার সরেজমিনে গিয়ে নগরের প্রায় সব ডিলারের দোকান বন্ধ পাওয়া গেছে। যে দু-একটি খোলা ছিল, সেখানে পণ্য বিক্রির রেজিস্ট্রার এবং ব্যানার টানানো ছিল না। জেলা বাজার মনিটরিং কমিটির সদস্য মঈনুদ্দিন আহম্মেদ বলেন, টিসিবি বরিশাল কার্যালয়সংলগ্ন মোল্লা এন্টারপ্রাইজ এবং মেসার্স আ. মাজেদ হাওলাদার পণ্য তুললেও কোনো পণ্য তারা খোলা বাজারে বিক্রি করেনি। টিসিবি বরিশাল সূত্র জানায়, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষে সরকার টিসিবির ডিলারদের মাধ্যমে পণ্য সরবরাহের উদ্যোগ নেয়। রমজান উপলক্ষে গত ২৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রথম কিস্তি এবং ২১ আগস্ট দ্বিতীয় কিস্তির পণ্য সরবরাহ শুরু করে। জেলার ১৪০ জন ডিলারের মধ্যে প্রথম কিস্তির পণ্য তুলেছেন ৮৬ জন। ডিলারেরা পণ্য না তোলায় টিসিবির গুদামে এখনো ১০৮ টন চিনি, ৬৪ হাজার ৮০০ লিটার সয়াবিন তেল, ২৭ হাজার কেজি ছোলা, ২৭ হাজার কেজি মসুর ডাল, ২৭ হাজার কেজি খেজুর পড়ে আছে। এ অবস্থায় বৃহস্পতিবার পর্যন্ত দ্বিতীয় কিস্তির পণ্য তুলেছেন ৮২ জন। তাই এবারও বিপুল পরিমাণ পণ্য মজুদ থাকার সম্ভাবনা রয়েছে।তবে ডিলারদের অভিযোগ, সব ধরনের পণ্য কেনা ডিলারদের জন্য বাধ্যতামূলক হওয়ায় (প্যাকেজ পদ্ধতি) তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। এ কারণে নগরের ৫৮ জন ডিলারের মধ্যে মাত্র ২৪ জন ডিলার দ্বিতীয় দফায় তাঁদের পণ্য তুলেছেন। জেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজা মিয়া বলেন, ‘আমি বরিশালের বিভিন্ন এলাকা পরিদর্শন করে টিসিবির প্রায় সব ডিলারদের দোকান বন্ধ পেয়েছি। দুই-একটি খোলা থাকলেও সেখানে পণ্য বিক্রির রেজিস্ট্রার এবং কোনো ব্যানার টানানো ছিল না। ফলে টিসিবির পণ্য সাধারণ জনগণ পাচ্ছে না, চলে যাচ্ছে কালোবাজারে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে বন্ধ পাওয়া গেছে নগরের অনুরাগ স্টোর্স, মোল্লা এন্টারপ্রাইজ, আবদুল মাজেদ হাওলাদার, এস এম কনস্ট্রাকশন, রাজন ট্রেডার্স, খান এন্টারপ্রাইজ, সিকদার ট্রেডিং ও শাহাবুদ্দিনের দোকান। আর শুক্রবার বন্ধ পাওয়া গেছে নোমান এন্টারপ্রাইজ, ফ্রেন্ডস এন্টারপ্রাইজ, ইসলাম ব্রাদার্স, নয়ন স্টোর, জান্নাত ট্রেডার্স, ফিরোজ এন্টারপ্রাইজ ও শংকর অ্যান্ড ব্রাদার্সের দোকান।নিউ সদরঘাট এলাকায় নোমান এন্টারপ্রাইজে গিয়ে দেখা গেছে, সেটি একটি পুরোনো লোহা বিক্রির দোকান; কোনো ক্রেতা নেই। ডিলার লাল মিয়া বলেন, ২১ তারিখ মাল তোলা হয়েছে। এখন মাত্র এক বস্তা চিনি আছে, ডাল নেই। ওই এলাকার ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, মূলত এটি ভাঙাড়ির দোকান। এখানে টিসিবির পণ্য তেমন বিক্রি হতে দেখি না। ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার নয়ন স্টোরে সিমেন্ট বিক্রি করতে দেখা গেছে। হামেত আলী এলাকার সুবা এন্টারপ্রাইজের মালিক মাইনুল ইসলাম বলেন, ‘টিসিবির মাল বিক্রি করে কোনো লাভ হয় না। প্রতিবস্তা চিনিতে তিন কেজি ঘাটতি পড়ে। এ কারণে অনেকে পণ্য কালোবাজারে বিক্রি করে দেন।’ টিসিবি বরিশালের কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘বাজার মনিটরিংয়ের দায়িত্ব প্রশাসনের। রোজার প্রথম কিস্তির অনেক মাল মজুদ আছে। দ্বিতীয় কিস্তির অনেক পণ্য মজুদ থাকার আশঙ্কা করছেন তিনি।’