বরিশালে ট্রলার থেকে পড়ে আ.লীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা হিমাংশু কুমার দাস ওরফে নাথু (৬৫) গত শনিবার ট্রলার থেকে নদীতে পড়ে গিয়ে নিহত হয়েছেন। শনিবার রাতে কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।নিহত হিমাংশুর পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে তিনি সদর উপজেলার দুর্গাপুর থেকে একটি ট্রলারে করে বরিশাল নগরে ফিরছিলেন। এ সময় তাঁকে বহনকারী ট্রলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাছ ধরার ট্রলারের ধাক্কা লাগে। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। এ সময় অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘ চার ঘণ্টা চেষ্টার পর তাঁর মরদেহ কীর্তনখোলা নদীর নয়ানী নামক স্থান থেকে উদ্ধার করা হয়। সংবাদ পেয়ে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, সিটি মেয়র শওকত হোসেন, সাংসদ তালুকদার মো. ইউনুসসহ কয়েক হাজার মানুষ সেখানে যায়। গতকাল রোববার দুপুর দুইটায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে তাঁর মরদেহ রাখা হয়। এরপর তাঁকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয়।