বরিশালে ট্রলারডুবি তিনজনের লাশ উদ্ধার
বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা নদীতে গতকাল শুক্রবার নৌকাবাইচ দেখতে গিয়ে ট্রলারডুবিতে নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে একজন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নৌকাবাইচ প্রতিযোগিতা দেখার জন্য উজিরপুরের বিভিন্ন স্থান থেকে ট্রলার ও নৌকাযোগে অসংখ্য দর্শক হারতায় উপস্থিত হয়। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী থাকায় একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়। দর্শনার্থীদের মধ্যে অনেকেই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাহিদা (২২), রাশেদ (১০), শারমিন (৮) ও মোমিন (৭) নামের চারজন নিখোঁজ হয়। ঘটনার পরপর স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজদের উদ্ধারের তৎপরতা শুরু করেন। রাত আটটার দিকে শাহিদা, শারমিন ও মোমিনের লাশ উদ্ধার করা হয়। তখন পর্যন্ত রাশেদ নিখোঁজ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয় সিন্ধু তালুকদার প্রথম আলোকে বলেন, তিনজনের লাশ পাওয়া গেছে। একজন নিখোঁজ রয়েছে।