বরিশালে ট্রলারডুবিতে চারজনের মৃত্যু নিখোঁজ ২০
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় গতকাল রোববার রাতে এক লঞ্চডুবির ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও অন্তত ২০ জন। তাদের উদ্ধারে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিলো।এলাকাবাসী জানান, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরশেফালি আদর্শ গ্রামের বেশ কয়েকজন নারী ও পুরুষ গতকাল সকালে বয়স্ক ভাতা আনার জন্য উপজেলা সদরে যান। কাজ শেষে সন্ধ্যার দিকে তারা ট্রলারযোগে বাড়িতে ফিরছিলেন। ট্রলারটি আইরখালি মোহনায় পৌছালে রাত আটটার দিকে তীব্র স্রোতের তোড়ে নদীতে ডুবে যায়। এতে চারজনের প্রাণহানি ঘটে। এরা হলেন আয়েশা খাতুন (৬৫), হাসেম বেপারী (৭৫), খায়রুন নেছা (৭০) ও জুয়েল (৭)। তাদের সবার বাড়ি চরশেফালি আদর্শ গ্রামে। এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা খান মোহাম্মদ বজলুল হক জানান, ট্রলারটিতে ৫০ জনের মতো যাত্রী ছিলো। বাকিরা সাতরে তীরে উঠতে সক্ষম হয়। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা চলছে।