বরিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
বরিশালে এলপি গ্যাস সিলিন্ডারে বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সোয়া ৩টার দিকে বরিশাল নগরের আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল কোতোয়ালি মডেল থানা দুঘ৴টনার বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন বিদ্যুৎ বিশ্বাস (৩৩) ও মো. রাব্বি (২৫)। তাঁদের মধ্যে বিদ্যুৎ বিশ্বাস একটি বেসরকারি প্রতিষ্ঠানের স্থানীয় ডিলার ও রাব্বি তাঁর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। দুঘ৴টনায় রাব্বির মুখমণ্ডল থেতলে যাওয়ায় প্রথমে তাঁর পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না।
ঘটনার পর ট্রাক জব্দ ও চালক রবিউল শেখকে (৩৫) আটক করেছে পুলিশ। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে।
বরিশাল কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, এলপি গ্যাসের সিলিন্ডারে বোঝাই ট্রাকটি রূপাতলী বাসস্ট্যান্ড থেকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। একই দিক থেকে আসা মোটরসাইকেলটি আমতলা মোড় এলাকায় বাঁ পাশ দিয়ে ট্রাকটি অতিক্রম করার সময় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে যান। এতে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
এসআই রেজাউল ইসলাম বলেন, ঘটনার পরপরই স্থানীয় ব্যক্তিরা ট্রাকচালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এই ঘটনায় আপাতত দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।