বরিশালে ট্রান্সকম শোরুমের চুরি যাওয়া মালামাল উদ্ধার
বরিশালে ট্রান্সকমের শোরুম থেকে চুরি যাওয়া সাড়ে আট লাখ টাকা দামের মুঠোফোনসেট উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের ট্রান্সকমের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ইমরান হাসান (১৮), মো. তপু (৩০) ও মো. সবুজ (২৭)। গত রোববার রাত সাড়ে আটটায় মেট্রোপলিটন পুলিশের একটি দল নগরের কালুশাহ সড়কের একটি বাসা থেকে মুঠোফোনসেটগুলো উদ্ধার করে।
ট্রান্সকম বরিশালের শাখা ব্যবস্থাপক আবদুল হালিম জানান, গত ৩ আগস্ট রাতে নগরের সদর রোড এলাকায় ট্রান্সকমের শোরুমে চুরি হয়। চোরেরা স্যামসাং ব্র্যান্ডের ৪৭টি মুঠোফোন নিয়ে যায়, যার বাজারমূল্য সাড়ে আট লাখ টাকা। এ ঘটনায় ৪ আগস্ট অজ্ঞাতনামা আসামি দিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মুজাহিদুল ইসলাম জানান, চুরি যাওয়া মালামাল কালুশাহ সড়ক এলাকায় একটি বাসায় রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪৭টি মুঠোফোনসেট উদ্ধার করা হয়।