বরিশালে ডাকাতির গুজবে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলায় ডাকাতি ও ধর্ষণের গুজব ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এতে লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। অনেক এলাকায় মানুষ রাত জেগে পাহারা দিচ্ছে।
তবে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে গত এক মাসের মধ্যে তিন উপজেলার কোথাও ডাকাতির কোনো খবর পাওয়া যায়নি। পুলিশও একই দাবি করেছে। সেই সঙ্গে জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে।
গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাসিন্দা রেজাউল করিম, মো. শাহ আলম সরকার, সিরাজুল ইসলামসহ কয়েকজন প্রথম আলোকে বলেন, গত ডিসেম্বরের প্রথম দিকে গুজব ছড়িয়ে পড়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে ডাকাতেরা চিঠি পাঠিয়েছে। এর কয়েক দিন পর গুজব শোনা যায়, ইউনিয়নে কয়েকটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা এসব বাড়ির মালামাল লুট করেছে। তা ছাড়া নারীদের ধর্ষণ করেছে। এরপর থেকে গ্রামে গ্রামে রাত জেগে পাহারা শুরু হয়।
তবে মাহিলাড়া ইউপির চেয়ারম্যান সৈকত গুহ বলেন, ‘আমি কোনো চিঠি পাই নাই। তবে গ্রামবাসীকে সতর্ক রাখতে পাহারার ব্যবস্থা করেছি। ২৯ ডিসেম্বর রাতে গৌরনদীর দক্ষিণ চাঁদশী গ্রামের সৈয়দ মাসুম বিল্লাহর বাড়িতে চুরি হয়। কিন্তু সবখানে ছড়িয়ে পড়ে চাঁদশীতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা নারীদের ইজ্জত লুট করেছে।’
চাঁদশী ইউপির চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে বলেন, কে বা কারা গুজব ছড়াচ্ছে। তবে মানুষ আতঙ্কিত। নিজেদের রক্ষায় রাতভর পাহারা দিচ্ছে।
গৌরনদী পৌরসভার লাখেরাজ কসবা মহল্লার কয়েকজন বাসিন্দা বলেন, একই মহল্লার মসজিদের মাইক থেকে গত শনিবার রাত সাড়ে আটটার দিকে প্রচার করা হয়, ডাকাত প্রতিরোধে সতর্ক থাকতে হবে। মুহূর্তের মধ্যে আশপাশের মসজিদের মাইক থেকে ডাকাতি হচ্ছে বলে মাইকে প্রচার করা হয়। শত শত মানুষ রাস্তায় নেমে আসে।
পৌরসভার ওই ওয়ার্ডের কাউন্সিলর কাজী তৌফিক ইসলাম বলেন, ৭ নম্বর ওয়ার্ডের আশোকাঠী মোল্লাবাড়ি জামে মসজিদের ইমাম শনিবার রাত সাড়ে ১০টার দিকে এলাকাবাসীর উদ্দেশে মাইকে বলেন, ‘এলাকায় ডাকাতি হচ্ছে। ডাকাত মোকাবিলায় বেরিয়ে আসুন।’ এরপর আশপাশের মহল্লার ২০টির বেশি মসজিদ থেকে ডাকাতি হচ্ছে বলে প্রচার করা হয়।
এর আগের রাতে পৌরসভার আশোকাঠী মোল্লাবাড়ি জামে মসজিদের মাইক থেকে এলাকায় ডাকাত পড়ার কথা প্রচার করা হয়। মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলী বলেন, স্থানীয় কয়েকজন যুবক মসজিদের মাইকে ঘোষণা দেন।
৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান বলেন, তাঁর ওয়ার্ডে ২০টি দলে বিভক্ত হয়ে পাহারা দেওয়া হচ্ছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, গত দুই মাসে একটি মোটরসাইকেল চুরি ছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। তবে শীত মৌসুমের শুরুতেই পুলিশ নারীদের উত্ত্যক্ত (ইভ টিজিং), মাদক প্রতিরোধ ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন স্থানে সভা করে পাহারা দেওয়ার আহ্বান জানায়। এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এদিকে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের বাসিন্দা অমিয় বাড়ৈ, নিরাঞ্জন মণ্ডল, রমেশ দাসসহ অনেকে বলেন, গত বৃহস্পতিবার রাতে গৈলার ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মশিউর রহমান পুলিশের বরাত দিয়ে প্রচার করেন, রাতে গ্রামে ডাকাতেরা হানা দেবে। আতঙ্কিত গ্রামবাসী রাতে পাহারা বসাতে শুরু করে। মশিউর রহমান বলেন, ‘রাতে গ্রামে ডাকাতি হবে এ কথা আমি প্রচার করিনি। চিঠি পাওয়ার কথা জানালে গ্রামের লোকজন নিজেদের রক্ষায় পাহারা দেয়।’
৩১ ডিসেম্বর আগৈলঝাড়ার কালুপাড়া গ্রামের মাখম হালদার ও দিলীপ দাসের বসতঘর বাইরে থেকে কে বা কারা শিকল দিয়ে আটকে রাখে। পরে গুজব ছড়িয়ে পড়ে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলা সদর বাজার, রাজিহার বাজার, বাশাইল বাজার, নগরবাড়ী, জবসেন, গৈলা, শিহিপাশা, বরইতলা, দক্ষিণ গৈলাসহ বিভিন্ন এলাকার হাটবাজার ও গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গৈলা ইউনিয়নের পাহারা কমিটির প্রধান উজ্জ্বল হোসেন বলেন, এক মাস ধরে তাঁরা পাহারা দিচ্ছেন। ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। তবে মানুষের মধ্যে আতঙ্ক কমছে না।
আগৈলঝাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, গত দুই মাসে থানায় কোনো চুরি বা ডাকাতির মামলা হয়নি। পাহারা প্রসঙ্গে তিনি বলেন, ‘আগাম সতর্কতা হিসেবে পাহারা দেওয়ার জন্য আমরা গ্রামবাসীকে উৎসাহ দিচ্ছি।’
উজিরপুর উপজেলার কয়েকজন বাসিন্দা বলেন, ২২ নভেম্বর হারতা মৎস্যবাজার এবং ৪ ডিসেম্বর রাতে বামরাইল গ্রামে সাবেক সাংসদ মো. ওয়াদুদ সরদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এরপর আর কোথাও কোনো চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি।
পুলিশ সুপার এস এম আকতারুজ্জামান বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। একটি মহল গুজব ছড়াচ্ছে। জনগণকে গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে।’
ছয়জনকে জরিমানা: গুজব ছড়ানোর অভিযোগে গৌরনদীতে গত রোববার মসজিদের ইমাম, স্কুলশিক্ষক ও বিএনপি নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন গৌরনদী উপজেলার আশোকাঠী মোল্লাবাড়ি জামে মসজিদের ইমান মাওলানা মোহাম্মদ আলী, লাখেরাজ কসবা জামে মসজিদের সভাপতি মাওলানা রুহুল আমিন, বেজগাতি জামে মসজিদের সদস্য জাকির হোসেন, সুন্দরদী মসজিদের রশিদ শরীফ, উত্তর রামসিদ্ধি গ্রামের বিএনপি কর্মী হারুন মিয়া এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষক মো. রিপনকে পুলিশ গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের জরিমানা করেন।