বরিশালে তরুণদের সংসদ অধিবেশন

সকাল থেকে মেঘ-বৃষ্টির খেলা। তার মধ্যেই বরিশাল মিলনায়তনমুখী তরুণদের সারি। মিলনায়তনের ভেতরে জাতীয় সংসদের আদলে সাজানো সংসদ লবি। সেখানে বসে আছেন সাংসদ ও মন্ত্রীরা। একটু পরেই বসবে সংসদ অধিবেশন।
সকাল সাড়ে নয়টার মধ্যে সংসদে হাজির মহামান্য রাষ্ট্রপতি। তিনি হলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সংসদের কার্যক্রম।
গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত একটানা চলে তরুণদের অংশগ্রহণে ওই সংসদ অধিবেশন। সারা দেশের ৩০০ সংসদীয় আসন থেকে ৩০০ তরুণ সাংসদ এই অধিবেশনে যোগ দেন। ছিলেন ৫০ জন সংরক্ষিত সাংসদও। মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যেই তরুণদের নিয়ে বসেছিল এই সংসদ।
সুলতানা কামাল বলেন, তরুণেরাই তাঁদের আত্মবিশ্বাস দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের আলোকে গড়ে নিতে হবে এ দেশ। সেই সঙ্গে কমাতে হবে দুর্নীতি। তিনি বলেন, ধর্মনিরপেক্ষ একটি দেশ গড়ার লক্ষ্যেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি। এখন সেই বাংলাদেশেই প্রতি পদে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিচারবহির্ভূত হত্যা বাড়ছে। বন্ধ হচ্ছে না রাজনৈতিক হত্যা।
সংসদ অধিবেশন বসার আগে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস। প্যানেল আলোচক ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অমিয় পরান চক্রবর্তী ও মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন। দুপুর ১২টা পর্যন্ত ইয়ুথ পার্লামেন্টে উদ্যোক্তা ও তথ্যপ্রযুক্তির উদ্ভাবন নিয়ে আলোচনা হয়। সেখানে আলোচক ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মাহবুবা আক্তার ও ধ্রুবতারা ফাউন্ডেশনের সিইও মিজানুর রহমান।
এর পরের অধিবেশন চলে বেলা সোয়া দুইটা পর্যন্ত। সাংসদ তালুকদার মো. ইউনুসের সভাপতিত্বে এই অধিবেশনে প্যানেল আলোচক ছিলেন ধ্রুবতারার উপদেষ্টা রাশিদা চৌধুরী, কাজল ঘোষ ও টুনু রানী কর্মকার।
বেলা তিনটায় শুরু হয় এসডিজি, নেতৃত্ব ও শিক্ষাবিষয়ক অধিবেশন। সেখানে সভাপতিত্ব করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। প্যানেল আলোচক ছিলেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম ও বাহউদ্দিন গোলাপ।