বরিশালে তিন প্রার্থীর ভোট বর্জন
কেন্দ্রদখল, ভোটারদের ভয় দেখানো ও কারচুপির অভিযোগে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছেন বিএনপি-সমর্থিত, বিএনপির বিদ্রোহী ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা।
আজ রোববার সকাল আটটা থেকে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। সকাল সাড়ে নয়টার দিকে বিএনপি-সমর্থিত প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম ওরফে লাবু এবং বিদ্রোহী প্রার্থী গোলাম ওয়াহীদ পৃথকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ-সমর্থিত প্রার্থী নাসির উদ্দিন খানও নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার প্রথম আলোকে বলেন, প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বলে তিনি শুনেছেন। কেউ নির্বাচন কমিশনে যোগাযোগ করেননি। কেন্দ্র দখলের ব্যাপারে দু-একজন প্রিসাইডিং কর্মকর্তা মুঠোফোনে জানানোর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মুনসুর আহমেদের ক্যাডাররা সবগুলো কেন্দ্র দখল করে নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ক্যাডাররা ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। তারা নিজেদের মতো ভোট দিয়ে বাক্স পূর্ণ করছে।
মেহেন্দীগঞ্জ ও কাজীরহাট থানার অন্তর্ভুক্ত ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এ উপজেলা পরিষদটি গঠিত হয়েছে। এতে ১ লাখ ৮৫ হাজার ৫৭৯ জন ভোটার রয়েছেন।