বরিশালের হিজলা উপজেলায় গত বুধবার রাতে ১০ মাস বয়সী তিনটি শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের অনিল কুমার কুলুর ছেলে রিতম ও তাঁর ভাই পঞ্চম কুলুর মেয়ে তৃষা এবং প্রফুল্ল ঢালীর মেয়ে তমা।অভিভাবকেরা অভিযোগ করেন, বুধবার দুপুরে শিশুদের হামের টিকা দেওয়ার পর রাতে অসুস্থ হয়ে তাদের মৃত্যু হয়। এ ব্যাপারে বরিশালের সিভিল সার্জন অনিল চন্দ্র দত্ত জানান, এই মর্মান্তিক ঘটনা হামের টিকায় ঘটেছে, না কি অন্য কোনো কারণে, তা এখনো পরিষ্কার নয়। তাই প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য ডেপুটি সিভিল সার্জন আবদুর সাত্তারকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই কমিটি প্রতিবেদন দেবে।তিন শিশুর অভিভাবকেরা জানান, বুধবার দুপুর ১২টার দিকে রিতম, তৃষা ও তমাকে উপজেলার কালিকাপুর কমিউনিটি ক্লিনিকে নিয়ে যান তাদের অভিভাবকেরা। শিশুদের হামের টিকা দেন হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্বাস্থ্য সহকারী। এর পর অভিভাবকেরা শিশুদের নিয়ে বাড়ি চলে যান। বিকেল থেকে শিশুদের পাতলা পায়খানা শুরু হয়। রাত ১২টার দিকে অবস্থার অবনতি হলে তাদের দ্রুত হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা অসুস্থ শিশুদের অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। পরে বাড়ি ফেরার পথে তিন শিশুর মৃত্যু হয়।হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শুভংকর বাড়ৈ জানান, তাঁদের গুদামে মেয়াদোত্তীর্ণ টিকা থাকে না। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটনের জন্য তিনি প্রধান হয়ে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছেন। তাঁরা প্রকৃত তথ্য বের করতে কাজ করছেন।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিন শিশুর লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। ওই শিশুদের বাবারা বাদী হয়ে পৃথক তিনটি অপমৃত্যুর মামলা করেছেন।