বরিশালে তীব্র গরমে বাড়ছে ডায়রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে গতকাল রোববার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া কার্যালয়ের তথ্যমতে, তাপমাত্রা আরও দু-এক ডিগ্রি বাড়ার আশঙ্কা রয়েছে। প্রচণ্ড গরমে শিশু ও বয়স্ক ব্যক্তিদের মধ্যে ডায়রিয়াসহ নানা রোগ দেখা দিয়েছে।

বরিশাল আবহাওয়া দপ্তরের কর্মকর্তা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রোববার (গতকাল) বেলা একটায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বরিশাল অঞ্চলে চলতি মৌসুমে এ পর্যন্ত এটিই সর্বোচ্চ তাপমাত্রা। গত দুই বছরের মধ্যে এ সময়ে এটিই সর্বোচ্চ তাপমাত্রা। দু-এক দিনের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশুবিশেষজ্ঞ এম আর তালুকদার মুজিব বলেন, কয়েক দিনের তীব্র গরমে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেড়েছে। এদের মধ্যে অধিকাংশই ডায়রিয়ায় আক্রান্ত। এর সঙ্গে গরমে ঘেমে একধরনের অ্যাজমা ও পেটের পীড়ায় আক্রান্ত শিশুরাও রয়েছে। গরমে শিশু নয়, সবারই উচিত বেশি বেশি পানি পান করা। তার সঙ্গে স্যালাইন খাওয়া। ছোট শিশুদের রোদে বাইরে বের হতে না দেওয়াই ভালো।

 গতকাল রোববার বেলা ১১টার দিকে সরেজমিনে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে শিশুসহ প্রায় ৬০ জন রোগী দেখা গেছে। চিকিৎসক ও সেবিকারা তাদের চিকিৎসা দিতে ব্যস্ত। বেলা একটার দিকে বরিশাল জেনারেল হাসপাতালে দেখা গেছে, ৪০ থেকে ৪৫ জন ডায়রিয়া রোগী ভর্তি রয়েছে।

বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) দেলোয়ার হোসেন বলেন, তিন দিন ধরে গড়ে ১২-১৩ জন করে ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে; যা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। রোগীর সংখ্যা বাড়লেও আসনসংখ্যা সীমিত থাকায় কিছুটা সমস্যা হচ্ছে।

অনূর্ধ্ব-১৮ ‘এ’ দলের হয়ে ক্রিকেট খেলতে সিলেট থেকে সাব্বির আহম্মেদ বরিশালে এসেছেন। গত শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। কয়েকবার বমি করেছেন, সঙ্গে পাতলা পায়খানা। দলের ব্যবস্থাপক দ্রুত তাঁকে সদর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করে দেন। সিলেট দলের ব্যবস্থাপক রুয়াইদুর রহমানের সঙ্গে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে কথা হয়। তিনি জানান, সিলেটের চেয়ে বরিশালের তাপমাত্রা অনেক বেশি। একই হাসপাতালে বরিশাল নগরের নবগ্রাম এলাকা থেকে ৭০ বছর বয়সের আবদুল খালেক ভর্তি হয়েছেন পানিশূন্যতা নিয়ে।

সদর জেনারেল হাসপাতালের সেবিকা ছানিয়া বেগম বলেন, গতকাল দুপুর পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গরম না কমলে এই সংখ্যা আরও বাড়বে। তিনি জানান, ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ডায়রিয়া রোগী ছিল ১০০ জন। আর মার্চে ২৩২ জন। চলতি এপ্রিলে এই সংখ্যা ৪০০ ছাড়িয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।