ময়ূর পেখম তুলে আছে। বাঘ শিকার ধরতে প্রস্তুত। শুঁড় উঁচিয়ে হাতির ডাক। প্রচণ্ড গতিতে ছুটছে ঘোড়া। চারপাশে আছে ফুল, পাখি, মাছ আর সবুজের সমারোহ। বাস্তবে না হলেও বাস্তবের সঙ্গে মিলে যাচ্ছে পুরোটা। বাংলা নববর্ষ উপলক্ষে এমনই নানা উপকরণ তৈরি করে সাজিয়ে রাখা হয়েছে। এখন অপেক্ষা শুধু সেই মধুর ক্ষণের।
পয়লা বৈশাখ উদ্যাপনে বরিশাল নগরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। শিল্পীরা রাখি উৎসব, ঢাক উৎসব ও মঙ্গল শোভাযাত্রার জন্য হাতি, ঘুড়ি, বড় পাখা, মুখোশ, রাখি ও টোপর তৈরিতে ব্যস্ত। একই সঙ্গে চলছে আলপনা আঁকার কাজও।
সরেজমিনে দেখা গেছে, উত্তর মল্লিক রোডে উদীচী কার্যালয়, পাশের চত্বর, ব্রজমোহন বিদ্যালয় মাঠ ও পাশের সড়কে চলছে নানা বর্ণিল সামগ্রী তৈরির কাজ। এগুলো তৈরি করছেন উদীচী ও বরিশাল নাটকের কর্মীরা। এ ছাড়া চারুকলার আয়োজনে সিটি কলেজ প্রাঙ্গণেও চলছে আলাদা মঙ্গল শোভাযাত্রার জন্য উপকরণ তৈরির কাজ।
কথা হয় শিল্পী পার্থ সারথি ও অভিষেক রবিনের সঙ্গে। তাঁরা বলেন, বাঙালির ঐতিহ্য লক্ষ্মী সরা, হাতি, ঘোড়া, ময়ূর, ইলিশ মাছ, প্যাঁচা ও পাখি তৈরির কাজ শেষ। এখন চলছে সেগুলোতে রং-তুলির কাজ। এ ছাড়া তৈরি করা হয়েছে রাখি, হাতপাখা, রঙিন মুখোশ, টোপরসহ অন্যান্য সামগ্রী।
দুই শিল্পী বলেন, ইলিশ মাছ হারিয়ে যাচ্ছে। তাই এবার ইলিশ রক্ষার জন্য তৈরি করা হয়েছে বৃহৎ আকারের ইলিশ। এ ছাড়া অশুভ শক্তির বিনাশ ও লোকজ ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধের বিরুদ্ধে ধিক্কার জানাতে তৈরি করা হয়েছে বিশেষ দৈত্য। আর শান্তির জন্য ময়ূর।
বরিশাল উদীচীর সভাপতি বিশ্বনাথ দাস মুনশি বলেন, এবার তাঁদের মঙ্গল শোভাযাত্রা বের হবে বিএম স্কুল প্রাঙ্গণ থেকে। মেলা ও মঙ্গল শোভাযাত্রাকে প্রাণবন্ত করতে উৎসব স্মারক দিয়ে সম্মানিত করা হবে বিশিষ্ট নাগরিকদের। সকাল সাড়ে ছয়টায় প্রভাতি অনুষ্ঠানের পরই ঢাক, রাখি উৎসব ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।