বরিশালে দণ্ডপ্রাপ্ত সাত আসামিই জামিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে ধারাবাহিক বোমা হামলার দিনে বরিশাল নগরের ১৪টি স্থানে বোমার বিস্ফোরণ ঘটান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যরা। এ ঘটনায় বরিশালে দায়ের হওয়া ১২টি মামলায় সাত জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। কিন্তু দণ্ডাদেশপ্রাপ্ত সাতজনই বর্তমানে জামিনে রয়েছেন।

আসামি মো. জিয়াউর রহমান ও জাহিদ বাবুকে তিনটি মামলায়, সরোয়ার হোসেন ও মো. রহিমকে দুটি এবং আবু ইউসুফ মজুমদার, গিয়াস হাওলাদার ও আবদুস সোবহানকে একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আদালত। পরে তাঁরা সবাই উচ্চ আদালত থেকে জামিন নেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট ওই হামলার ঘটনায় কোতোয়ালি থানায় ১২টি মামলা করা হয়। এসব মামলায় জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগ এনে মো. জিয়াউর রহমান, জাহিদ বাবু, সরোয়ার হোসেন, মো. রহিম, গোলাম মোর্শেদ চৌধুরী, দৃষ্টিপ্রতিবন্ধী আবু সোলায়মান, জালাল আরেফিন, মো. মারুফ, সাইফুল, জমিউদ্দিন, আবু ইউসুফ মজুমদার, গিয়াস হাওলাদার ও আবদুস সোবহানকে আসামি করা হয়।