বরিশালে দিঘি ভরাট করেই হচ্ছে খাদ্যগুদাম

অবশেষে বরিশাল নগরের পাঁচ একরের সেই দিঘি ভরাট করেই আধুনিক খাদ্যগুদাম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরিশালের নাগরিকদের দাবি উপেক্ষা করে দিঘি ভরাটের কাজ শুরু করা হয়েছে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, নগরের ত্রিশ গোডাউন-সংলগ্ন বধ্যভূমি এবং রিজার্ভ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ব্যারাকের পাশে থাকা প্রায় পাঁচ একরের দিঘিটি বালু দিয়ে ভরাটকাজ চলছে। কীর্তনখোলায় ড্রেজার রেখে পাইপ দিয়ে বালু ফেলা হচ্ছে দিঘির ভেতরে। এই দিঘির পাশেই রয়েছে স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধার কবর। একাত্তরের বধ্যভূমি এবং কীর্তনখোলার নান্দনিক সৌন্দর্য দেখার সুযোগ। সেই সুযোগ বন্ধ করেই নির্মিত হবে আধুনিক খাদ্যগুদাম, যাকে বলে সাইলো।
এদিকে বিশাল আকারের জলাশয় ভরাট বন্ধ এবং বধ্যভূমির সৌন্দর্য রক্ষার দাবি জানান নাগরিকেরা। বধ্যভূমি এবং দিঘি এলাকায় বিশাল মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়াসহ ব্যাপক আন্দোলন শুরু করেন বরিশালবাসী। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ সেপ্টেম্বর বরিশালে আধুনিক খাদ্যগুদাম প্রকল্প পরিচালক এবং খাদ্য অধিদপ্তর বরিশালের নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়। সভায় নাগরিকেরা দিঘির পাশে থাকা পরিত্যক্ত গুদাম ভেঙে সাইলো নির্মাণের অনুরোধ জানান। কর্তৃপক্ষ সেই অনুরোধ রক্ষার আশ্বাস দেয়।
আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘বরিশালে অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্ত ওয়ার্ল্ড ব্যাংককে জানানো হয়েছে। তারা সাইলো নির্মাণের প্রস্তাবিত স্থানটি প্রস্তুত অবস্থায় চাইছে। তা ছাড়া নাগরিকদের দাবি অনুযায়ী পাশের পরিত্যক্ত গুদাম ভেঙে সাইলো নির্মাণের সুযোগ নেই। তাই ঠিকাদারকে জলাশয় ভরাটের নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী গত সপ্তাহে ভরাটকাজ শুরু করা হয়।’
বরিশাল নগর সৌন্দর্য রক্ষা এবং খাল-নদী-জলাশয় রক্ষা আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী যখন পরিবেশবিষয়ক আন্তর্জাতিক পদক পাচ্ছেন, সেই সময় পরিবেশ নষ্ট করে উন্নয়নকাজ শুরু হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা বন্ধ করতে নগরবাসী আন্দোলনে নামবেন।