বরিশালে দিঘি রক্ষার দাবিতে মানবপ্রাচীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে সাড়ে পাঁচ একরের দিঘি ভরাট ও বধ্যভূমির সৌন্দর্য নষ্ট করে আধুনিক খাদ্য সংরক্ষণাগার (সাইলো) নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিঘির চারদিকে মানবপ্রাচীর তৈরির মাধ্যমে দিঘি রক্ষার দাবি জানান নাগরিকেরা।
বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক দলের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমি বরিশালসহ দেশের অন্যতম স্মৃতির স্থান। এর পাশেই শোভা বাড়িয়েছে সাড়ে পাঁচ একরের বৃহৎ জলাশয়। কীর্তনখোলা নদীর পাড়ের এই স্থানটি এখন অন্যতম দর্শনীয় ও বিনোদন স্থান হিসেবেও স্বীকৃত। সেই স্থানের বৃহৎ জলাশয় ভরাট করে সাইলো নির্মাণ করা হলে সব ঐতিহ্য ম্লান হয়ে যাবে।