বরিশালে দিলরুবা হত্যার সাত বছর পর স্বামী গ্রেপ্তার
মানবাধিকারকর্মী দিলরুবা হক হত্যার সাত বছর পর তাঁর স্বামী মামুন মোর্শেদ ওরফে তুহিনকে গত বুধবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা গ্রেপ্তার করেছেন।র্যাব কর্মকর্তা মেজর মো. রাশেদ বলেন, চাঞ্চল্যকর দিলরুবা হত্যা মামলার আসামি মামুন মোর্শেদকে গত বুধবার রাত ১০টার দিকে নগরের ব্রজমোহন (বিএম) কলেজ রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলি উদ্ধার করা হয়। ওই রাতেই তাঁকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।দিলরুবার ছোট বোন মাহবুবা হক জানান, মামুন ২০০৫ সালের ১ নভেম্বর রাতে ঢাকার বাসায় দিলরুবা হককে প্রচণ্ড মারধর করেন। ২ নভেম্বর বিকেলে আবার মারধর করেন এবং একপর্যায়ে মুখে বালিশ চাপা দেন। এ সময় মা ও বড় বোন ঠেকাতে গেলে তাঁদের গালিগালাজ করেন। পরে দিলরুবা ও তাঁর মেয়ে সপ্তর্ষিকে নিয়ে মামুন বরিশালে নিজ বাড়ি চলে যান। ৩ নভেম্বর সন্ধ্যায় বরিশালের বাসায় দিলরুবার মৃত্যু হয়। দিলরুবার পরিবারের পক্ষ থেকে লাশের ময়নাতদন্ত করতে চাইলে মামুন খেপে যান। একপর্যায়ে তিনি দিলরুবার পরিবারকে হুমকি দিয়ে বরিশাল থেকে তাড়িয়ে দেন। এ থেকে ধারণা করা হয়, দিলরুবাকে হত্যা করা হয়েছে। পরদিন ৪ নভেম্বর আইন ও সালিশ কেন্দ্র, বরিশাল মহিলা আইনজীবী সমিতি এবং বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধিদের উপস্থিতিতে থানায় মামলা করা হয়। দিলরুবার বড় বোন মাহবুবা হক বাদী হয়ে বরিশাল কোতোয়ালি থানায় মামলা করেন। দিলরুবা গণসাহায্য সংস্থা, আইন ও সালিশ কেন্দ্র, কনসার্ন বাংলাদেশ এবং মৃত্যুর আগ পর্যন্ত কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সিতে (সিডা) কর্মরত ছিলেন।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, মামুন মোর্শেদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলাও করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।