বরিশালে দুই কবি পেলেন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতার সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আত্মিক সম্পর্ক আছে। কবিতা লিখতে জানতেই হবে এমন নয়। কবিতা ভালোবাসলেও কবি, কবিতা ও মুক্তিযুদ্ধকে সম্মান জানানো যায়। তাই কবিতার সঙ্গে থাকুন, মুক্তিযুদ্ধের সঙ্গে থাকুন।

বরিশালে অনুষ্ঠিত কবি সম্মাননা ও সম্মেলনে এই আহ্বান জানান কবি ও গুণীজনেরা। গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরের আবদুল খালেক খান গণপাঠাগার ও মিলনায়তনে এই আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ বরিশাল।

জাতীয় কবিতা পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে দুই কবি নজমুল হোসেন আকাশ ও আসমা চৌধুরীকে সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে বসে কবি মিলনমেলা। বরিশাল বিভাগের কবিরা ছাড়াও অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। দুই কবিকে ফুলেল শুভেচ্ছা জানানোর পর জমে আড্ডা, আলোচনা ও আবৃত্তি পরিবেশন। দুপুরের পর অনুষ্ঠিত হয় দ্বিবার্ষিক সম্মেলনের কাজ।

বক্তারা বলেন, কবি সম্মাননা ও সম্মেলন দুটি কথার মধ্যে এক সৃষ্টিশীলতা লুকিয়ে আছে। বাস্তব ও অবাস্তব—এই দুই মিলে যে পরাবাস্তবতা তা-ই কবিতা। তা নিয়েই নির্মাণ হয় কালজয়ী কবিতা, যা আমাদের সামনে দর্শন হিসেবেও কাজ করে।

দুই কবিকে সম্মান জানায় বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বরিশাল নাটক, খেলাঘর, খেয়ালী গ্রুপ থিয়েটার, পঞ্চ সিঁড়ি গ্রুপ থিয়েটার, উত্তরণ, গণ শিল্পী সংস্থা, ব্রজমোহন থিয়েটার, পটুয়াখালী কবিতা পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।

জাতীয় কবিতা পরিষদ বরিশালের সভাপতি অধ্যক্ষ কবি তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে কবি সম্মাননায় প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।