বরিশালে দুই দল শ্রমিকের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে নৌবন্দর এলাকায় ঘাটশ্রমিকদের সঙ্গে সিটি মার্কেটের কাঁচামাল আড়তের মালিক ও শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন ঘাটশ্রমিক আনোয়ার (২৫), মোস্তফা (২২), আনিস এবং আড়ত মালিক মো. মনা (৪০), শ্রমিক মো. কবির (২৫) ও লিটন (২৪)। অপর চারজনের নাম পাওয়া যায়নি।নৌবন্দর ঘাটশ্রমিক মো. হোসেন দাবি করেন, গতকাল বেলা ১১টায় ঘাটশ্রমিক মো. মোস্তফা ভ্যানগাড়ি নিয়ে বন্দরসংলগ্ন সিটি মার্কেটের কাঁচামালের আড়ত এলাকা অতিক্রম করছিলেন। এ সময় আড়তশ্রমিক মো. কবিরের পায়ের ওপর ওই ভ্যানগাড়ির একটি চাকা ওঠে যায়। এ ঘটনায় কবির ক্ষিপ্ত হয়ে মোস্তফাকে মারধর করেন। ঘটনা শুনে আড়তমালিক মো. মনার নেতৃত্বে ৫০ জন ঘাটশ্রমিকের ওপর হামলা চালান। তাঁদের হামলায় আনোয়ার, মোস্তফা, আনিসসহ কয়েকজন আহত হন। সিটি মার্কেটের আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ শাহীন জানান, পায়ের ওপর চাকা ওঠে যাওয়ায় কবির ক্ষিপ্ত হয়ে ভ্যানচালক মোস্তফাকে মারধর করেন। এই সংবাদ পেয়ে ঘাটশ্রমিকেরা মার্কেটের কাঁচামালের আড়তে হামলা চালান। এতে মনা, কবির, লিটনসহ কয়েকজন আহত হন।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিদুজ্জামান বলেন, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে ঘাটশ্রমিক এবং আড়তের শ্রমিক ও মালিকদের সঙ্গে সংঘর্ষ হয়। সংবাদ শুনে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এ ঘটনায় উভয় পক্ষই মামলা করার প্রস্তুতি নিচ্ছে।