বরিশালে দুই দিনের বিতর্ক উৎসব শুরু
বরিশালে দুই দিনের জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ও উৎসব শুরু হয়েছে। ‘মুক্তির পথে অবিরাম’ প্রতিপাদ্য নিয়ে বরিশাল ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কয়েক শ বিতার্কিক অংশ নিয়েছেন।
গতকাল শনিবার সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। উদ্বোধক মু. জিয়াউল হক বলেন, শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতিকে এগিয়ে নিতে বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা বাংলাদেশকে এগিয়ে নিতে কেবল পাঠ্যবই নয়, প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে সহশিক্ষা কার্যক্রম বাড়াতে হবে। যার মাধ্যমে শিক্ষার্থীরা বিকশিত হতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম মজিবর রহমান, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন, বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, সহকারী প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন প্রমুখ।