বরিশালে দুই পুলিশ সদস্য নিখোঁজ থানায় জিডি
বরিশাল জেলা পুলিশের দুই সদস্য পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁরা দুজনই বাসা থেকে বের হওয়ার পর গতকাল রোববার পর্যন্ত আর ফেরেননি। তাঁদের সন্ধান না পেয়ে দুই পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ পুলিশ সদস্যরা হলেন: বরিশাল বিভাগের পুলিশের উপমহাপরিদর্শকের (ডিআইজি) গাড়িচালক পুলিশ সদস্য (কনস্টেবল) মো. শামীম আকন ও বরিশাল আদালতে কর্মরত পুলিশ সদস্য খোকন চন্দ্র রায়। নিখোঁজ হওয়া শামীম আকনের ছোট ভাই পুলিশ সদস্য আল আমিন গত শনিবার বিকেলে বরিশাল কোতোয়ালি মডেল থানায় জিডি করেন। তিনি বলেন, বরিশাল নগরে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন তাঁর ভাই শামীম আকন। ১০ জুলাই বেলা তিনটার দিকে ১০ দিনের ছুটি নিয়ে বাসায় যান তিনি। ১৩ জুলাই তাঁকে জরুরি ভিত্তিতে কর্মস্থলে যোগ দেওয়ার নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি নির্দিষ্ট সময় কর্মস্থলে যোগ না দেওয়ায় তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর স্ত্রী জানান, ১১ জুলাই বুধবার ভোর ছয়টায় তিনি (শামীম আকন) বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। অন্যদিকে স্বামী নিখোঁজের ঘটনায় গত বৃহস্পতিবার একই থানায় জিডি করেছেন পুলিশ সদস্য খোকন চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায়। ঝর্ণা রায় জানান, ১১ জুলাই বিকেল পাঁচটায় পুলিশ লাইনে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন খোকন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোনটিও বন্ধ। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহিদুজ্জামান বলেন, ‘আমরা তদন্ত করে দেখছি, আসল ঘটনা কী। দেশের প্রতিটি থানায় বার্তা পাঠানো হয়েছে।’