কীর্তনখোলায় বালু তোলা বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর চর আইচা ও চর আবদানি মৌজায় বালু তোলা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এই রিট আবেদনটি করে। ১৪ নভেম্বর রিটটি করা হয়।
আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবীর। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।
একই সঙ্গে দক্ষিণ চর কাউয়া মৌজায় ঘোষিত বালুমহাল কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু তোলা রোধ ও নদীরক্ষার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে বালুমহালের কার্যক্রম শুরু হওয়ার আগে পরিবেশগত প্রভাব নিরূপণ ও ছাড়পত্র গ্রহণের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
ভূমিসচিব, পানিসচিব, পরিবেশসচিব বরিশালের জেলা প্রশাসক, ইজারা গ্রহণকারীসহ ১৪ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত মে মাসে দক্ষিণ চর কাউয়া মৌজার দুটি দাগে বালুমহাল ইজারা দেওয়া হয়। সে সময় চর কাউয়া নদীভাঙন বাস্তুহারা কমিটির পক্ষে আইনি সহায়তা চেয়ে বেলার প্রতি একটি চিঠি দেওয়া হয়। এরপর নদীরক্ষায় রিটটি করে বেলা।