বরিশালে দুটি বাসে দুর্বৃত্তদের আগুন
বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় গত রোববার দিবাগত রাতে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের জাকির হোসেন ফকির জানান, বরিশাল-মাওয়া পথে ইলিশ পরিবহনের জন্য একটি বাস এক বছর ধরে ব্যবহার করে আসছেন তিনি। কিছুদিন আগে বাসটি বিকল হয়ে যায়। এর পর থেকে এটি ভুরঘাটা বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে রাখা হয়।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, রোববার দিবাগত রাত সোয়া তিনটার দিকে দুর্বৃত্তরা বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।অপর দিকে আগৈলঝাড়া থানার পয়সারহাট বাসস্ট্যান্ডে পার্কিং করা শুভেচ্ছা পরিবহনের একটি বাসে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিসংযোগ করা হয়। আগুনে বাসটি পুড়ে যায়। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।