বরিশালে দুপুরেও ময়লা সরে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের ব্যস্ততম সড়কগুলো ও কলেজের পাশে ময়লা ফেলে রাখা হয় দুপুর অবধি। রাস্তায় চলতে ময়লার দুর্গন্ধে পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। দুপুরের ছবিটি নগরের লঞ্চঘাট এলাকা থেকে সম্প্রতি তোলা  l প্রথম আলো
বরিশাল নগরের ব্যস্ততম সড়কগুলো ও কলেজের পাশে ময়লা ফেলে রাখা হয় দুপুর অবধি। রাস্তায় চলতে ময়লার দুর্গন্ধে পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। দুপুরের ছবিটি নগরের লঞ্চঘাট এলাকা থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো

ভরদুপুরেও ময়লা সরানো হয় না। রাস্তার ওপর ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দিনভর ময়লা পড়ে থাকায় অতিষ্ঠ নগরবাসী। গন্ধ আর দূষণে বিপর্যস্ত শিক্ষার্থী ও পথচারীরা।
নগরবাসী বলছে, আগে সকালেই ময়লা অপসারণ করা হতো। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সকাল গড়িয়ে দুপুরেও রাস্তার ওপর পড়ে থাকে ময়লার স্তূপ। সেখানে পশু-পাখির বিচরণে বিতিকিচ্ছি পরিবেশের সৃষ্টি হয়। গন্ধে নাক না চেপে উপায় থাকে না পথচারীদের।
তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, তাদের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত ময়লা অপসারণ করেন। কিন্তু পরক্ষণেই আবার ময়লা ফেলায় আবর্জনা আর রাস্তা থেকে অদৃশ্য হয় না।
সরেজমিনে দেখা গেছে, সবচেয়ে বাজে অবস্থা ব্রজমোহন কলেজ (বিএম) ও নৌবন্দর সড়কের মোড়ের (পোর্ট রোড)। এই দুটি স্থানে দুপুর গড়িয়েও ময়লা দেখা যায়। এ ছাড়া মল্লিক রোডে সরকারি বালিকা বিদ্যালয়, অমৃত লাল দে মহাবিদ্যালয় ও বিএম স্কুলের পাশেও একই অবস্থা। ভরদুপুরেও ময়লা না সরানোয় বিরক্ত সেখানকার বাসিন্দারা।
বিএম কলেজের শিক্ষার্থী রোকন ব্যাপারী বলেন, কলেজের সামনে সকাল থেকেই ময়লার স্তূপ পড়ে থাকে। কলেজ শেষে সিটি করপোরেশনের কর্মীরা ময়লা নিতে আসেন। সকালেই ময়লা অপসারণে উদ্যোগ নিতে কলেজের অধ্যক্ষকে একাধিকবার জানানো হয়েছে। কলেজ অধ্যক্ষ স ম ইমানুল হাকিম বলেন, ‘কলেজের সামনে দুপুর পর্যন্ত ময়লা থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে করপোরেশনে একাধিকবার কথা বললেও তারা কোনো উদ্যোগ নিচ্ছে না।’
যোগাযোগ করলে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ জানায়, বিএম কলেজ এলাকার বাসিন্দারা সকাল থেকে ময়লা ফেলা শুরু করেন। সেখানে ডাস্টবিন না থাকায় রাস্তার ওপরই ময়লা ফেলতে হয়। করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরাও বাড়ি বাড়ি থেকে ময়লা এনে রাস্তার ওপর স্তূপ করেন। পরে সেখান থেকে বড় গাড়িতে করে ময়লা অপসারণ করা হয়। ময়লার পরিমাণ বেশি হওয়ায় অপসারণে সময় লাগে।
বরিশাল নগর সৌন্দর্য রক্ষা কমিটির সদস্যসচিব কাজী এনায়েত হোসেন অভিযোগ করেন, আগে সকাল হওয়ার আগেই নগরের ময়লা অপসারণ হতো। বর্তমানে দুপুরের পরও ময়লা পড়ে থাকতে দেখা যায়। সিটি করপোরেশন পরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা অপসারণ করে না। এটা করপোরেশনের ব্যর্থতা।
জানতে চাইলে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধা প্রথম আলোকে বলেন, ‘বিএম কলেজ ও পোর্ট রোড এলাকার বাসিন্দারা সারা দিনই ময়লা ফেলেন। পরিচ্ছন্নতা বিভাগ ময়লা অপসারণ করার সঙ্গে সঙ্গে ওই এলাকায় আবারও স্তূপ জমে যায়। সে কারণে দিনের বেলায়ও ময়লা দেখা যায়। প্রতিদিন দুবার ময়লা অপসারণে কাজ করে পরিচ্ছন্নতা বিভাগ।’