বরিশালে দেবোত্তর সম্পত্তির পুকুর রক্ষায় স্মারকলিপি
বরিশাল মহানগরের গোরস্থান রোডে দেবোত্তর সম্পত্তির পুকুর ও লাগোয়া বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে শিক্ষক-শিক্ষার্থী, কাউন্সিলর ও এলাকাবাসী মানববন্ধন করেছে। এই দাবিতে গণস্বাক্ষর-সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়েছে।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় গোরস্থান রোডের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নগরের ২১ নম্বর ওয়ার্ডের গোরস্থান রোডের ওই প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকা ৩৭ শতাংশ পুকুর কেনার দাবি করে ভরাটের প্রস্তুতি নিচ্ছেন ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম। এ জন্য গত বুধবার বিদ্যালয়ের মাঠের মাঝ বরাবর পুকুর পর্যন্ত কাঁচা রাস্তা নির্মাণ শুরু করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম মূলত ‘জমির দালাল’। জমি কেনাবেচাই তাঁর প্রধান কাজ। এ কাজে তিনি প্রভাবশালীদের সহযোগিতা নিয়ে নগরের বিভিন্ন স্থানে পুকুর-জলাশয় দখলের চেষ্টা করে আসছেন। ভুয়া ডিক্রি এবং ভুয়া কাগজপত্র তৈরি করে তিনি এসব সম্পত্তি দখল করে বেশি দামে বিক্রি করেন। এর অংশ হিসেব তিনি গত বুধবার গোরস্থান রোডে দেবোত্তর সম্পত্তিতে থাকা পুকুর দখল ও ভরাটের উদ্যোগ নেন। পুকুর ভরাট করতে গিয়ে স্কুলের মাঠে রাস্তা নির্মাণ করছেন তিনি।
২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য এস এম জাকির হোসেন বলেন, ‘কাউন্সিলর নূরুল ইসলাম কীভাবে দেবোত্তর সম্পত্তির পুকুর কিনেছেন, আমরা জানি না। পুকুরটি বিদ্যালয়ের মাঠ লাগোয়া। পুকুর ভরাট করতে ইতিমধ্যে মাঠে মাটি ও বালু ফেলে তিনি রাস্তা নির্মাণ করছেন। এরপর তো বিদ্যালয়ের মাঠও দখল হয়ে যাবে। আমরা এলাকাবাসীর সঙ্গে পুকুর ভরাট বন্ধ এবং বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সাবেক কাউন্সিলর খালেদা হক, শিক্ষাবিদ ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. হানিফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমিরা খানম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আবদুল আউয়াল, সংস্কৃতি মজলিশের সহসভাপতি মাহতাবউদ্দিন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বরিশাল পুকুর-খাল-জলাশয় রক্ষা কমিটির সদস্যসচিব কাজী এনায়েত হোসেন, আইনজীবী আবুল কালাম আজাদ প্রমুখ।
মানববন্ধন শেষে পুকুর ও বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে বাসিন্দাদের গণস্বাক্ষর-সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়।
ওয়ার্ড কাউন্সিলর মো. নূরুল ইসলাম বলেন, ‘গোরস্থান রোডে স্কুলের পাশের পুকুরটি আমরা কিনেছি। পুকুর ভরাট করার জন্য বিদ্যালয়ের মাঠে বালু ফেলে রাস্তা করা হয়েছে। পুকুর ভরাট শেষে ওই রাস্তা অপসারণ করা হবে।’
সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব বলেন, নগরের পুকুর-জলাশয় ভরাট নিষিদ্ধ। কাউন্সিলর পুকুর ভরাটের বিষয়ে করপোরেশন এবং পরিবেশ অধিদপ্তরকে কিছু জানাননি। করপোরেশনের পক্ষ থেকে মৌখিক বাধা দেওয়া হয়েছে। পুকুর ভরাট বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বলেন, ‘সরকরের নিয়ম অনুযায়ী, নগরের কোনো পুকুর-জলাশয় এবং জমির শ্রেণি পরিবর্তন করা যাবে না। অবৈধভাবে পুকুর ভরাট হচ্ছে, এমন অভিযোগে একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে পুকুর রক্ষায় আমরা শূন্য সহনশীল অবস্থান নীতিতে থাকব।’