বরিশালে নতুন উপজেলার দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে চন্দ্রদ্বীপ উপজেলা গঠন করার দাবিতে কয়েক হাজার মানুষ গতকাল মঙ্গলবার মিছিল ও সমাবেশ করেছেন৷ চন্দ্রদ্বীপ উপজেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটি এসব কর্মসূচির আয়োজন করে৷
সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার চরকাউয়া, চাঁদপুরা, টুংগীবাড়িয়া, চন্দ্রমোহন এবং বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি, চরাদি ও দাড়িয়াল ইউনিয়নের কয়েক হাজার মানুষ অশ্বিনীকুমার হল চত্বরে সমবেত হন৷
এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ হয়৷ সমাবেশে বক্তারা বলেন, জেলা ও বিভাগী শহরের খুব কাছাকাছি হওয়া সত্ত্বেও সদর ও বাকেরগঞ্জ উপজেলার উল্লিখিত সাত ইউনিয়ন শিক্ষা, স্বাস্থ্য,
চিকিৎসা ও উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে৷ এসব ইউনিয়ন নিয়ে চন্দ্রদ্বীপ নামে একটি স্বতন্ত্র উপজেলা করতে হবে৷
চন্দ্রদ্বীপ উপজেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক মুনাওয়ারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ শেষে একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়৷
সেখানে সংগ্রাম কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক মো. শহীদুল আলমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়৷