বরিশালে নতুন দুটি সরকারি স্কুলের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, অর্থনৈতিক কারণে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। সেদিকে লক্ষ রেখে সরকার প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনা মূল্যে বই দিচ্ছে। সাড়ে ২৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় বরিশাল নগরের জিলা স্কুল ক্যাম্পাসে দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধনকালে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। দীর্ঘদিন পর ৪০৯ জন ছাত্রছাত্রী নিয়ে কার্যক্রম শুরু করল নতুন দুই মাধ্যমিক স্কুল।
শিল্পমন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে এই সরকার। শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী প্রতিশ্রুত অগ্রাধিকার প্রকল্পের আওতায় বরিশাল কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী। বিদ্যালয় দুটির ভবন নির্মাণের আগেই জিলা স্কুলের কলেজ ভবনে অস্থায়ীভাবে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ, বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ প্রমুখ।
প্রসঙ্গত, ১৯২৬ সালে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এরপর ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত হয় বরিশাল জিলা স্কুল। দীর্ঘ এই সময়ে বরিশালের পরিধি এবং জনসংখ্যা বাড়লেও বাড়েনি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। মাত্র দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নিয়ে প্রতিবছরই অসম প্রতিযোগিতায় পড়তে হতো শিক্ষার্থী ও অভিভাবকদের।