বরিশালে নদী ও খাল সংরক্ষণের দাবিতে মানববন্ধন
বরিশালে নদী, খাল, পার্ক ও খেলার মাঠ সংরক্ষণের দাবিতে মানববন্ধন হয়েছে৷ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ওই কর্মসূচির আয়োজন করে৷ বরিশালের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন৷
‘হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াব না আর’ স্লোগান নিয়ে গতকাল বুধবার সকাল ১০টায় নগরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের অশ্বিনীকুমার হল চত্বরে এই মানববন্ধন হয়৷
মানববন্ধনে বাংলাদেশ কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরিশালের সাধারণ সম্পাদক রণজিৎ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, একসময় বরিশালে অর্ধশতাধিক খাল ছিল৷ উন্নয়নের নামে সিটি করপোরেশনসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সেগুলো ভরাট করেছে৷ অবশিষ্ট আটটি খালের মধ্যে চারটি প্রায় ভরাট হয়ে গেছে৷
এতে সুশাসনের জন্য নাগরিক বরিশালের সভাপতি মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আবদুস ছাত্তার, নদী-খাল বাঁচাও আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি এ কে আজাদ প্রমুখ বক্তব্য দেন৷