বরিশালে নদী থেকে জাপা নেতার লাশ উদ্ধার
বরিশালে আজ শনিবার সকালে জাতীয় পার্টির (জাপা) এক নেতার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কামাল হোসেন তালুকদার (৫৮) বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি ছিলেন।
২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন কামাল হোসেন তালুকদার। তিনি বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেনের বড় ভাই।
সকাল ১০টার দিকে বাবুগঞ্জের পার্শ্ববর্তী উপজেলা উজিরপুরের চতলবাড়ি-সংলগ্ন সন্ধ্যা নদী থেকে ভাসমান অবস্থায় কামালের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির ছেলে মো. রাসেল তালুকদারের দাবি, ২ ফেব্রুয়ারি পূর্ব রহমতপুরের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন কামাল হোসেন তালুকদার। মোটরসাইকেলটি তিনি উপজেলার রহমতপুরে মোটর মেকানিক মিন্টুর দোকানে মেরামত করতে দেন। এর পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে তিনি জানান।
নিহতের মেজো ভাই বিএনপি নেতা ইসরাত হোসেন তালুকদার ‘প্রথম আলো’র কাছে দাবি করেন, তাঁর ভাই নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। ব্যবসা কিংবা জমি নিয়ে কারো সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না।
লাশ উদ্ধারকারী উজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন আহমেদ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সন্ধ্যা নদীর চতলবাড়ি এলাকা থেকে আজ সকালে লাশটি উদ্ধার করা হয়েছে। পানিতে থাকায় পচে লাশের মুখমণ্ডল ও শরীর বিকৃত হয়ে গেছে। লাশের পকেটে ছয় হাজার ৯১ টাকা, ভোটার আইডি কার্ড, একটি মোবাইল সিমকার্ড ও জনতা ব্যাংকের একটি চেক বই পাওয়া গেছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে চার-পাঁচ দিন আগে তাঁকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কী কারণে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। এ ব্যাপারে উজিরপুর থানার পক্ষে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।