বরিশালে নদীভাঙন ঠেকাতে আন্দোলনে এলাকাবাসী
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তেঁতুলিয়া নদীর ভাঙনে এক দশকে ২৫টি গ্রাম বিলীন হয়েছে। ভাঙনের হুমকিতে আছে দুর্গাপাশাসহ আশপাশের কয়েকটি ইউনিয়ন। ভাঙন প্রতিরোধে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী। দুর্গাপাশার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ১০-১৫ বছর ধরে মেঘনার গতিপথ পরিবর্তন হয়ে স্রোত তেঁতুলিয়া নদীর দুর্গাপাশা ও ফরিদপুর এলাকায় আঘাত করছে। এ কারণে প্রতিবছর ভেঙে যাচ্ছে হাটবাজার, স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা। নিঃস্ব হচ্ছে মানুষ। ভাঙন প্রতিরোধে বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন। ইতিমধ্যে মানববন্ধন, সংবাদ সমেঞ্চলন, মিছিল-সমাবেশ ও সঞ্চারকলিপি দিয়েছেন তাঁরা। চলছে গণস্বাক্ষর সংগ্রহ। পরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঘেরাও এবং অনশন কর্মসূচি পালন করা হবে। দুর্গাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস ছালাম বলেন, শুধু এই ইউনিয়নের ২৫টি গ্রাম তেঁতুলিয়া নদীতে বিলীন হয়ে গেছে। কয়েক হাজার একর ফসলি জমি নষ্ট হয়ে গেছে। আসন্ন বর্ষা মৌসুমের আগে ব্যবস্থা না নিলে আরও ৫০০ পরিবারের বাড়িঘর ও জমি বিলীন হয়ে যাবে। ভয়াবহ এই ভাঙন প্রতিরোধে সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছে। ২ মে বরিশালে এক সংবাদ সমেঞ্চলনে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জানানো হয়, বছরের পর বছর তেঁতুলিয়া নদীর ভাঙন অব্যাহত থাকলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ভাঙন প্রতিরোধে ইতিপূর্বে মানববন্ধন, সভা-সমাবেশ ও সঞ্চারকলিপি দেওয়া হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়, পাউবোসহ বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করা হয়েছে। কিন্তু কোনো সাড়া মেলেনি। এবার গণস্বাক্ষর সংগ্রহ, পাউবো ঘেরাও এবং অনশন কর্মসূচি পালন করা হবে। সংগ্রাম পরিষদের উদ্যোক্তা আলী আজম খান বলেন, এখনো ব্যবস্থা না নিলে ইউনিয়নটির অস্তিত্বই থাকবে না। ভয়াবহ এই বিপর্যয় থেকে সাধারণ মানুষের মুক্তির জন্যই এই আন্দোলন। পাউবোর সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, বাকেরগঞ্জের দুর্গাপাশাসহ ফরিদপুর এলাকা তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন হওয়ার পথে। ওখানে নদী শাসন করে ভাঙন প্রতিরোধ করা প্রয়োজেন। ছয় মাস আগে পাউবোর পক্ষ থেকে একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে ভাঙন প্রতিরোধে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।