বরিশালে নদীভাঙন রোধে পানিসম্পদ মন্ত্রীর আশ্বাস
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় মেঘনা, আড়িয়াল খাঁসহ বিভিন্ন নদীর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন। তিনি গত শনিবার ওই উপজেলা ও হিজলা উপজেলার ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে এই আশ্বাস দেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শনিবার নৌপথে মন্ত্রী বরিশালে আসেন। এরপর মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িচর, খাজুরিয়া ও হিজলা উপজেলার হরিনাথপুরের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি ভাঙনের তীব্রতা দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং এ ব্যাপারে ব্যবস্থা না নেওয়ায় আগের সরকারের সমালোচনা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আগেই ভাঙন প্রতিরোধের বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত ছিল। তার পরও আমি এখন এসে দেখে গেলাম। এই ভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’বিকেলে মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের করোনেশন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মন্ত্রী। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজালুল করিম, হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু প্রমুখ বক্তৃতা করেন।