বরিশালে নাগরিক সমাবেশে কাঞ্চন উদ্যান রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্যান ধ্বংস করে কবরস্থান নির্মাণের সিদ্ধান্ত থেকে বরিশাল সিটি করপোরেশনকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা। তাঁরা বলেছেন, শহরের মধ্যে মানুষের হাঁটাচলা ও ঘুরে বেড়ানোর জন্য যে উদ্যান রয়েছে, তা কোনোভাবেই ধ্বংস হতে দেওয়া যাবে না। সিটি করপোরেশন মুক্তিযোদ্ধাদের জন্য অন্য কোথাও কবরস্থান তৈরি করার উদ্যোগ নিতে পারে।
‘শহীদ মুক্তিযোদ্ধা কাঞ্চন উদ্যান’-এ গতকাল শনিবার বিকেলে এক নাগরিক সমাবেশে বক্তারা এসব কথা বলেছেন। এই উদ্যান ভেঙে সেখানে মুক্তিযোদ্ধাদের জন্য কবরস্থান করার সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। নাগরিক সমাবেশে বক্তারা করপোরেশনের এই সিদ্ধান্তে তীব্র নিন্দা জানান ও ক্ষোভ প্রকাশ করেন।
বরিশাল নগরের কালীবাড়ি সড়কে ব্রজমোহন বিদ্যালয় ও নার্সিং সেন্টারের পাশে অরক্ষিত স্থান উন্নয়ন করে শহীদ মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান কাঞ্চনের নামে ২০০৯ সালে প্রায় তিন একর জায়গার ওপর এই উদ্যানটি গড়ে তোলেন সাবেক মেয়র শওকত হোসেন হিরন। সেই থেকে এই উদ্যানে প্রতিদিন শত শত মানুষ হাঁটাচলা করে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সিটি করপোরেশনের কাউন্সিলর, সংস্কৃতিকর্মী, রাজনীতিবিদসহ ওই সময় উদ্যানে হাঁটতে আসা নারী-পুরুষেরাও অংশ নেন।
সমাবেশে প্রবীণ আইনজীবী আবদুল মান্নান বলেন, ‘গত ৪০ বছরে এখানে (উদ্যানে) কোনো কবর দিয়েছে শুনিনি। তাই উদ্যান ভেঙে কবরস্থান নির্মাণের উদ্যোগ বাতিল করতে হবে।’
বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর আক্তারুজ্জামান এবং মো. জাকির হোসেন বলেন, তাঁরা করপোরেশনের নেওয়া সিদ্ধান্ত পরিবর্তনের জন্য মেয়রকে অনুরোধ করবেন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল বলেন, করপোরেশন মুক্তিযোদ্ধাদের জন্য নতুন একটি কবরস্থান তৈরি করবে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এম জি কবির, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শান্তি দাস, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আজমল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করীম, জাসদের সাধারণ সম্পাদক আবদুল হাই প্রমুখ।