বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের দাবিতে বরিশালের নারী উদ্যোক্তারা গতকাল মঙ্গলবার মানববন্ধন ও প্রতীকী ট্রেড লাইসেন্স পোড়ানোর ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন।
বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বরিশাল জেলা নারী উদ্যোক্তা ফোরাম ওই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে তাঁরা বরিশাল সিটি করপোরেশন থেকে নেওয়া ট্রেড লাইসেন্সের (ব্যবসায়ের অনুমতিপত্র) ছায়ালিপি পোড়ান। নারীনেত্রী নিগার সুলতানা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে কোনো ব্যবসায়ী নিরাপদ নন। পণ্য আনা-নেওয়া করা যাচ্ছে না। ক্ষুদ্র উদ্যোক্তারা অসহায় হয়ে পড়েছেন। আমাদের দাবি, লাগাতার অবরোধ ও হরতাল প্রত্যাহার করে রাজনৈতিক স্থিতি ফিরিয়ে আনা হোক। আমরা সাধারণ নারীরাও রাজনৈতিক স্বেচ্ছাচারিতার শিকার হচ্ছি। যদি ব্যবসা করা না যায়, তাহলে ট্রেড লাইসেন্স রেখে কী হবে।
নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি বনলতা মুর্শিদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা, নারীনেত্রী নিগার সুলতানাসহ রহিমা সুলতানা, ফজিলাতুন্নেছা ফরিদ প্রমুখ।