বরিশালে নারী চিকিত্সকের 'আত্মহত্যা'
বরিশালে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় লুবনা জাহান (৩০) নামের এক নারী চিকিত্সকের লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ মনে করছে।
আজ মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে নগরের কাউনিয়া প্রধান সড়ক এলাকার নিজ বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। লুবনা জাহান বরিশাল জেনারেল হাসপাতালের চিকিত্সক ছিলেন। তাঁর স্বামী শাহরিয়ার রহমান বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ দন্ত চিকিত্সক।
প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ বলেছে, চিকিত্সক দম্পতির মধ্যে প্রায়ই কথা-কাটাকাটি হতো। আজও স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হয়েছে। এ নিয়ে নিজ বাসার ঘরে দরজা আটকিয়ে দেন লুবনা জাহান। স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হলে লুবনা জাহান প্রায়ই ঘরে দরজা আটকিয়ে রাখতেন বলে তাঁর স্বামী আজ তেমন গুরুত্ব দেননি। আজ সিলিং ফ্যানের সঙ্গে কাপড়ের সাহায্যে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন লুবনা। ডাকাডাকির পর দরজা না খোলায় স্বামী শাহরিয়ার রহমান দরজা ভেঙে তাঁকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, নারী চিকিত্সক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে মামলা হলে কোতোয়ালি মডেল থানায় হবে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত শেষে আত্মহত্যার মূল কারণ জানা যাবে বলে জানান তিনি।
উল্লেখ্য, কাউনিয়া প্রধান সড়ক এলাকাটি কাউনিয়া থানার অন্তর্ভুক্ত। আর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কোতোয়ালি মডেল থানার অন্তর্ভুক্ত।