বরিশালে নিখোঁজ পুলিশ সদস্যের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার আট দিন পর বরিশাল জেলা পুলিশের সদস্য কনস্টেবল খোকন চন্দ্র রায়ের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কীর্তনখোলা নদীর ঝালকাঠি জেলা থেকে নলছিটি থানার পুলিশ লাশটি উদ্ধার করে।পরিবার নিয়ে বরিশাল নগরের বটতলা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন খোকন। ১১ জুলাই বিকেলে পুলিশ লাইনে যাওয়ার উদ্দেশে তিনি বাসা থেকে বের হন। এর পর থেকে আর সন্ধান পাওয়া যায়নি তাঁর। তাঁর স্ত্রী পরদিন বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। খোকন বরিশালে আদালতে কর্মরত ছিলেন।নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, গতকাল সকাল নয়টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে কীর্তনখোলা নদীর নলছিটি উপজেলার রায়াপুর এলাকার বটতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশ সদস্য খোকনের স্ত্রী, মেয়ে ও জামাতা এসে লাশটি শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসআই জানান, লাশে পচন ধরায় শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।