বরিশালে নিজ ঘরে মা-ছেলে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি গ্রামে নিজ ঘরে খুন হয়েছেন মা-ছেলে। তাঁরা হলেন সুশীল মৃধা (৪৫) ও তাঁর মা মনিকা মৃধা (৬৫)। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঘরের তালা ভেঙে লেপ-তোশকে মোড়ানো অবস্থায় সুশীল মৃধা ও মনিকা মৃধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে মনিকা মৃধার ছোট ছেলে সমীরণ মৃধা (৩০) পলাতক।
নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশী একাধিক ব্যক্তি জানান, খ্রিষ্টান ওই পরিবারের অনেক জমিজমা রয়েছে। ওই জমি নিয়ে সমীরণ ও তাঁর ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। এর সঙ্গে স্থানীয় একটি পক্ষ জড়িত।
সরেজমিন ঘুরে এ জোড়া খুনের বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। প্রশাসন ও এলাকাবাসীর অনেকের ধারণা, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ঘরের মধ্যে মা ও ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁদের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মনিকা মৃধার বোনের মেয়ে শান্তি সিকদার জানান, প্রতিদিনই একবার ওই বাড়ির সামনে দিয়ে যান। প্রতিদিন তাঁকে (মনিকা) কাজ করতে দেখতেন। গত সোমবার ও গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে দেখতে পান বাড়ির বাইরের লাইট জ্বলছে। বাইরে থেকে ঘরে তালা দেওয়া। পরে মনিকার মুঠোফোনে ফোন করলে তালাবদ্ধ ঘরের মধ্যে তা বাজতে থাকে। এরপর সবাইকে খবর দেন।
প্রতিবেশী শফিকুল ইসলাম জানান, মনিকা মৃধা তাঁর দুই সন্তান সুশীল ও সমীরণকে নিয়ে এই বাড়িতে বসবাস করতেন। ছোট ভাই সমীরণ মানসিক ভারসাম্যহীন।
পুলিশ সুপার মো. এহসানউল্লাহ বলেন, সাম্প্রদায়িক বা নির্বাচনী বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কারণে সমীরণ মৃধা এই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন। হত্যার পর সমীরণকে পাওয়া যাচ্ছে না। তদন্ত করে হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
দৌলতপুরে যুবক খুন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাসুদ ফকির (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দৌলতপুরের পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামের মাঠ থেকে গতকাল মঙ্গলবার বিকেলে মাসুদ ফকিরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। মাসুদ পচাভিটা গ্রামের চতুর ফকিরের ছেলে।
গত সোমবার রাত নয়টার দিকে মাসুদ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। গতকাল দুপুরে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি সরিষাখেতে তাঁর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
দৌলতপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।