বরিশালে নির্মিত হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল। ২০০ শয্যার এই হাসপাতালের নামকরণ হবে ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ শিশু সুকান্ত বাবুর নামে। নগরের আমানতগঞ্জ এলাকায় নির্মিত হবে এ হাসপাতাল।
গতকাল রোববার দুপুর ১২টায় হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সুকান্ত বাবুর বাবা সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ।
সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজন করা হয় আলোচনা সভার। শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে সাংসদ তালুকদার মো. ইউনুস, সাংসদ জেবুন্নেছা আফরোজ, সাংসদ শেখ মো. টিপু সুলতান, সাংসদ পঙ্কজ নাথ, বিভাগীয় কমিশনার মো. গাউস, ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান, পুলিশ কমিশনার এস এম রুহুল আমীন, জেলা প্রশাসক গাজি মো. সাইফুজ্জামান ও সিভিল সার্জন এ এফ এম শফিউদ্দিন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন শহীদ সুকান্ত বাবুর মা শাহানারা আবদুল্লাহও।
গণপূর্ত বিভাগ বরিশাল কার্যালয় জানায়, ১৯ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১০ তলা ভবনের নির্মাণকাজ বাস্তবায়ন করবে বরিশাল গণপূর্ত বিভাগ। ১০ তলা ভিত্তি থাকলেও প্রথম পর্যায়ে ৪ তলাবিশিষ্ট হাসপাতাল নির্মাণে সময় ধরা হয়েছে ২ বছর। ২০১৯ সালে হাসপাতালের সেবা কার্যক্রম শুরু হবে। শিশুদের জন্য জরুরি বিভাগ ছাড়াও রেডিওলজি, ডায়াগনস্টিক ও প্যাথলজি বিভাগ, অপারেশন ব্লক, ওষুধ সরবরাহ বিভাগ, থেরাপি বিভাগ, সাধারণ শিশু ওয়ার্ড, প্রশাসনিক ব্লক ও সম্মেলন কক্ষ থাকবে।