বরিশালে নিষিদ্ধ পলিথিন জব্দ জরিমানা
বরিশালে ভ্রাম্যমাণ আদালত নিষিদ্ধঘোষিত পলিথিন ব্যবহার ও বিক্রির অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। এ সময় ৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়।
গতকাল রোববার বেলা ১১টা থেকে নগরের বাজার রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী ও কামরুন্নাহার।
অভিযানে পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুত ও বিতরণ করার দায়ে মেসার্স খান ব্রাদার্সকে ৪০ হাজার ও মেসার্স শিবু স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেসার্স খান ব্রাদার্সকে তিন হাজার, মেসার্স আবির ব্রাদার্সকে ২ হাজার ৫০০ টাকাসহ মোট ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস বলেন, সরকার কর্তৃক নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুত, বিতরণ, উৎপাদন, আমদানি, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী পলিথিন ব্যবহার এবং মজুত করে বিক্রি করছেন। পলিথিনের ব্যবহার কমিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।