বরিশালে নৈশ কোচে ডাকাতি, এক যাত্রী গুলিবিদ্ধ
বরিশালের বাকেরগঞ্জের কাঠেরপুল এলাকায় ঢাকা-কলাপাড়া মহাসড়কে আজ শুক্রবার ভোররাতে সাকুরা পরিবহনের একটি নৈশ কোচে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে নুরুল ইসলাম (৬২) নামের এক যাত্রী আহত হন। তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। তাঁর বাড়ি গোপালগঞ্জের সীতারামপুর এলাকায় ।
বাসের যাত্রী ও স্টাফ এবং পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঢাকার গাবতলী থেকে সাকুরা পরিবহনের শীতাতাপ নিয়ন্ত্রিত নৈশ কোচটি ৩৫ জন যাত্রী নিয়ে কলাপাড়ার উদ্দেশে ছেড়ে আসে। ভোর আনুমানিক পৌনে চারটার দিকে বাসটি বরিশালের কাঠেরপুল এলাকায় পৌঁছালে বাসের যাত্রীবেশী দুই ডাকাত সেখানে নেমে যাওয়ার কথা বলে বাসটি থামাতে বলে। চালক বাসটি থামানোর সঙ্গে সঙ্গে সেখানে অপেক্ষমাণ আরও চার থেকে পাঁচজন ডাকাত বাসে উঠে পড়ে। ডাকাতেরা অস্ত্রের মুখে চালককে সরিয়ে দিয়ে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
যাত্রীরা প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতেরা গুলি ছোড়ে। এতে নুরুল ইসলাম (৬২) গুলিবিদ্ধ হন। মাত্র ১৫ মিনিটের মধ্যে তারা যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার, টাকা, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে চলে যায়। পরে বাসটি আহত যাত্রীদের নিয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চলে আসে।
পটুয়াখালী সদর থাসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বেশির ভাগ যাত্রী পর্যটনকেন্দ্র কুয়াকাটার হওয়ায় অন্য একটি গাড়িতে করে তাঁদের কুয়াকাটায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।