বরিশালে নৈশকোচে ডাকাতি পর্যটক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে মহাসড়কে নৈশকোচে ডাকাতি হয়েছে। ডাকাত দলের শটগানের গুলিতে নুরুল ইসলাম (৬২) নামের কুয়াকাটাগামী এক পর্যটক আহত হন। তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে ঢাকা-বরিশাল-কলাপাড়া মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও বাসের যাত্রীরা বলেন, বৃহস্পতিবার রাত নয়টার দিকে সাকুরা পরিবহনের শীতাতপনিয়ন্ত্রিত একটি নৈশকোচ ৩৫ জন যাত্রী নিয়ে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশে যাত্রা করে। গতকাল ভোরের দিকে বাসটি বাকেরগঞ্জের কাঠেরপুল এলাকায় পৌঁছালে যাত্রীবেশী দুই ডাকাত গাড়ি থামাতে বলে। চালক গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে সেখানে অপেক্ষমাণ আরও চার-পাঁচজন ডাকাত গাড়িতে ওঠে। ডাকাতেরা অস্ত্রের মুখে চালককে আসন থেকে সরিয়ে নিজেরাই গাড়ির নিয়ন্ত্রণ নেয়। এ সময় যাত্রীরা প্রতিরোধের চেষ্টা করে। একপর্যায়ে ডাকাতেরা শটগানের গুলি ছোড়ে। এতে নুরুল ইসলাম গুলিবিদ্ধ হন। এ সময় ডাকাতেরা দ্রুত যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ, মুঠোফোনসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গুলিতে আহত নুরুল ইসলামকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।