বরিশালে পাঁচ দফা দাবিতে ট্রাক-লরি ধর্মঘট
ট্রাক টার্মিনাল নির্মাণসহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে বরিশাল ট্রাক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। দাবি আদায় না হওয়া পর্যন্ত ওই ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান মালিক ও শ্রমিকেরা। গতকাল শনিবার সকাল ছয়টা থেকে বরিশাল-ঢাকা মহাসড়কসহ অভ্যন্তরীণ সব সড়কে মালিক-শ্রমিকেরা অবস্থান নিয়ে ওই ধর্মঘটে নামেন। ধর্মঘট সফল করতে বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা নগরের বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ারপাড় এলাকায় অবস্থান নেন। সকাল থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলের পণ্যবাহী ট্রাক, লরি, কাভার্ডভ্যান ও পিকআপ চলাচল বন্ধ থাকে। ট্রাক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ জানায়, দীর্ঘদিন ধরে তারা ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি করে এলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। এ দাবি ছাড়াও সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান, ভারী যানবাহনের লাইসেন্স নবায়ন, ইলিশা, ভেদুরিয়া ফেরিঘাটে চাঁদাবাজি বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ওই ধর্মঘট আহ্বান করা হয়েছে।বাংলাদেশ ট্রাক-লরি শ্রমিক ইউনিয়নের বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক মো. ইমান আলী শরীফ প্রথম আলোকে বলেন, পণ্যবাহী ট্রাক-লরি চলাচলে নানামুখী সমস্যা রয়েছে। ট্রাক টার্মিনাল না থাকায় অবৈধভাবে বিভিন্ন স্থানে ট্রাক রাখতে গিয়ে হয়রানির শিকার হতে হয়।