বরিশালে পাঁচ দিনব্যাপী এসএমই মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) পণ্যের মেলা। নগরের মুক্তিযোদ্ধা পার্ক-সংলগ্ন বিআইডব্লিউটিএ মেরিন ওয়ার্কশপ মাঠে এ মেলার আয়োজন করেছে বরিশাল জেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান, বিভাগীয় কমিশনার মো. গাউস, ডিআইজি মো. হুমায়ুন কবির, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. লুৎফর রহমান মণ্ডল, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিবুল্লাহ ও বরিশাল মেট্রোপলিটন শিল্প বণিক সমিতির সভাপতি মো. নিজামউদ্দিন।
জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান জানান, চামড়াজাত সামগ্রী, পাটজাত পণ্য, হ্যান্ডি ক্র্যাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য ও পোশাকসহ বিভিন্ন ধরনের ৫৬টি স্টল রয়েছে মেলায়। স্বদেশি পণ্য বিক্রি করা হবে এসএমই স্টলগুলোতে। এ ছাড়া ১২ মার্চ বিকেলে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সমস্যা ও সম্ভাবনাবিষয়ক সেমিনার।
১৪ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।