বরিশালে পাটিশিল্পীদের দুর্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পরের আরামের লইগ্যা পাডি (পাটি) বুনি, মোগো ভাগ্যের পরিবর্তন হয় না। পাডি বুনে উন্নতি হয় না। বসে থাকি তাই কাজ করি। কাজ ভালো, পয়সা নাই।’ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের পাটিকরপাড়ার পাটিশিল্পী শেফালী রানী, উন্নতি রানী দত্ত ও কাজল রানী পাটি বুনতে বুনতে আক্ষেপ করে এসব কথা বলছিলেন।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পাড়ার ঘরে ঘরে পাটি বোনার ধুম। দিন-রাত পাটি বোনায় ব্যস্ত পাড়ার ছোট-বড় সবাই। কিন্তু এসব পাটিশিল্পী মানবেতর জীবনযাপন করেন। বিনোদনের ব্যবস্থা নেই বললেই চলে। বিকল্প কাজ না পাওয়া এসব পাটিশিল্পী পূর্বপুরুষের পেশা টিকিয়ে রাখাই প্রধান কাজ বলে মনে করেন। পাটিকরপল্লির স্কুলশিক্ষক জীতেন্দ্রনাথ দাস জানান, ব্রিটিশ আমল থেকে দেখে আসছি আমার বাবা-ঠাকুরদারা এ কাজ করছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার কাঁঠালিয়া, উত্তমপুর, কাজলাকাঠি, নীলগঞ্জ, হেলেঞ্চা, ঝালকাঠি জেলার বদরপুর, তালতলা, সরই, আইলাকাঠি, সাংগর, চিরাপাড়া ও রামনগর গ্রামে পাটি তৈরির কাঁচামাল পাইতরার (এক ধরনের ঘাস জাতীয় উদ্ভিদ) চাষ হয়।পাইতরা গাছ চিকন করে কেটে বেতি তৈরি করা হয়। পাইতরা গাছের বাকলের ওপরের অংশ দিয়ে দামি পাটি তৈরি হয়। পাটিশিল্পী হরলাল দত্ত বলেন, একটি ভালো মানের পাটি বুনতে কমপক্ষে সাত-আট দিন লাগে। সাধারণ মানের একটি পাটি বুনতে লাগে পাঁচ-ছয় দিন। এক দিন কাজ করে ২৫ টাকা মজুরি পাওয়া যায়। এখান থেকে পাইকারেরা গড়ে একেকটি পাটি ৬০০-৭০০ টাকায় কিনে নিয়ে যান। সাধারণ মানের পাটি তৈরিতে সব মিলিয়ে খরচ হয় প্রায় ৪০০ টাকা। বিক্রি হয় ৫০০-৬০০ টাকায়। বাজারে একটি ভালো মানের পাটি বিক্রি হয় দেড় থেকে দুই হাজার টাকায়।উজ্জ্বল চন্দ্র দত্ত জানান, যাঁরা নিজের জমিতে পাইতরা চাষ করে এ ব্যবসা করেন, তাঁদের অবস্থা মোটামুটি ভালো। কিন্তু যাঁরা পাইতরা কিনে পাটি বোনে, তাঁদের অবস্থা খুব খারাপ। পল্লির বাসিন্দা জ্ঞানরঞ্জন বলেন, পাটিশিল্পীদের অবস্থা অত্যন্ত শোচনীয়। এখানকার যোগাযোগব্যবস্থা নাজুক। রয়েছে বিশুদ্ধ পানির অভাব।পাটিকর রাম স্বর্ণা রানী বলেন, সারা দিন বসে পাটি বুনতে বুনতে কোমর ব্যথা হয়ে যায়। কিন্তু উপায় নেই। কারণ পাটির ওপর নির্ভর করেই চলে সংসার।পল্লির আরেক বাসিন্দা সঞ্জীব চন্দ্র দে বলেন, সরকার সহযোগিতা না দিলে এই সম্ভাবনাময় শিল্প ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে।রঙ্গশ্রী ইউনিয়নের চেয়ারম্যান রুস্তম আলী মোল্লা বলেন, কাঁঠালিয়া গ্রামেই ৪০-৫০টি পরিবার পাটিশিল্পের সঙ্গে জড়িত। পাটিকর পল্লির ভেতরে সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি জানান, পল্লির ছেলেমেয়েরা পড়াশোনার দিকে তেমন না ঝুঁকে পাটি বোনার কাজেই বেশি আগ্রহী।এ ব্যাপারে বরিশাল বিসিকের উপমহাব্যবস্থাপক মো. ইউনুস বলেন, আমি এখানে এসেছি বেশি দিন হয়নি। এখানকার পাটিশিল্প সম্পর্কে আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই। ঝালকাঠির কিছু পরিবার এ শিল্পের সঙ্গে জড়িত। এর সঙ্গে জড়িতরা আর্থিক সহযোগিতা চাইলে বিসিকের পক্ষ থেকে অবশ্যই ব্যবস্থা করা হবে।