বরিশালে পাটের তৈরি পণ্য নিয়ে তিন দিনের মেলা
বরিশালে পাটের তৈরি বিভিন্ন উপকরণ নিয়ে শুরু হয়েছে তিন দিনের মেলা। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের অশ্বিনী কুমার হলে এ মেলা শুরু হয়।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ইব্রাহিম। বাংলাদেশ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন জুট ডাইভারসিফিকেশন সেন্টার (জেডিপিসি) এর আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা দিচ্ছে জেলা প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পাটজাত পণ্যের কদর শুধু দেশে নয়, বিদেশেও বাড়ছে। জেলা প্রশাসক শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবির, পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস, জুট ডাইভারসিফিকেশন সেন্টারের নির্বাহী পরিচালক খন্দকার মোখলেসুর রহমান প্রমুখ।
তিন দিনের মেলা ও প্রদর্শনীতে পাটের তৈরি পরিবেশবান্ধব শপিং ব্যাগ, স্কুল ব্যাগ, হাত ব্যাগসহ বাহারি নিত্য ব্যবহারের উপকরণ পাওয়া যাচ্ছে। এতে ১৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।