বরিশালে পানির দরে বিক্রি হচ্ছে বিলেতি গাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বিভিন্ন এলাকায় এখন গাছে গাছে শোভা পাচ্ছে গোলাপি রঙের গাব। বিলেতি গাব হিসেবে এটি পরিচিত। এখানকার বাজারে বাগানের মালিক ও গৃহস্থরা যে দামে একটি গাব বেচেন, ঢাকায় তা অন্তত দশগুণ বেশি দামে বিক্রি হয়। বলতে গেলে স্থানীয় বাগানের মালিকেরা পানির দরে গাব বিক্রি করছেন। আষাঢ় মাসের মাঝামাঝি থেকে এখানকার হাট-বাজারে গাব ওঠে। মৌসুম থাকে এক থেকে দেড় মাস। সুস্বাদু এই গাব প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ ঝুড়ি (প্রতি ঝুড়িতে ৭০০টি) বরিশাল থেকে ঢাকায় যাচ্ছে। বাগানের মালিকেরা ১০০টি গাব বিক্রি করে পাচ্ছেন ৪০ থেকে ৫০ টাকা, ঢাকার বাজারে বিক্রি হয় ৩০০ থেকে ৪০০ টাকায়।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাগানের মালিক ও গৃহস্থরা স্থানীয় বাজারে আট থেকে ১০ টাকা কুড়ি দরে অর্থাৎ ১০০টি গাব ৪০-৫০ টাকায় বিক্রি করতে পারছেন। পাইকারেরা আড়তে নিয়ে তা প্রতি শ ৬০ থেকে ৭৫ টাকা পান। এখান থেকে আড়তদারেরা এক ঝুড়ি (৭০০টি) গাব নিয়ে ঢাকার পাইকারি বাজারে বিক্রি করেন এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকায়। আর ঢাকার খুচরা বাজারে এই গাব ১৫ থেকে ২০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। গাবগাছে ফুল আসার পর থেকে ব্যবসায়ীরা বাগান কেনা শুরু করেন। গাব বিক্রির জন্য কীর্তনখোলা নদীর পাড় কাউয়ারচর, দীনারের পোল, সাহেবের হাট এলাকায় মোকাম রয়েছে। এ ছাড়া বাকেরগঞ্জের দাড়িয়াল, দুধল, কবাই, চরাদদ্দি, বরিশাল সদর উপজেলার রাজারচর, চরাদি, টুঙ্গিবাড়ীয়াসহ বেশ কিছু স্থানে গাব বেচাকেনা হয়।গত সোমবার কাউয়ারচর, দীনারের পোল, সাহেবের হাট এলাকায় সরেজমিনে দেখা গেছে কেউ গাব গুনছেন, কেউবা গাব ধোয়ায় ব্যস্ত। অনেকে ঝুড়িতে ভরছেন গাব। কারও কথা বলারও ফুরসত নেই। কাউয়ারচর এলাকায় শ্রমিক খোকন হাওলাদার, আবদুল মালেক বলেন, ‘আমরা গাব গুনি এবং ধুয়ে দিই। প্রতিদিন ২৫০ টাকা মজুরি পাই।’ পাইকার আবদুল খালেক বলেন, ‘আমি ৫০-৬০ টাকা দরে গাব কিনি। ঢাকায় প্রতি ঝুড়ি এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকায় বিক্রি করি।’ পাইকার আইয়ুব আলী হাওলাদার বলেন, ‘আমি গড়ে ২০-২৫ ঝুড়ি গাব ঢাকায় পাঠাই।’ বাকেরগঞ্জের বাগান মালিক আবদুর রশিদ বলেন, ‘স্থানীয় বাজারে ৪০ টাকা দরে বিক্রি করতে হয়। তাই মোকামে নিয়ে এসেছি একটু বেশি দাম পাবার জন্য।’